মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁস ইস্যু: শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে দেশবার্তা বিডি২৪. কম আন্তর্জাতিক ডেস্ক: ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে চলমান আন্দোলন নতুন মোড় নিয়েছে। দিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি অভিযান ও সংঘর্ষের ঘটনার প্রতিবাদে শুক্রবার (২৪ জুলাই) দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটি তাদের সমর্থক, ছাত্র সংগঠন এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের দেশের বিভিন্ন শহরে শান্তিপূর্ণভাবে সমাবেশ, প্রতিবাদ কর্মসূচি এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার আহ্বান জানিয়েছে। সিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, দিল্লিতে অনুষ্ঠিত ‘চলো সংসদ’ কর্মসূচিতে বিক্ষোভকারীদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগ এবং দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের দমনের ঘটনাই জাতীয় পর্যায়ে প্রতিবাদ ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্তকে আরও জোরালো করেছে। অন্যদিকে দিল্লি পুলিশের দাবি, ‘চলো সংসদ’ কর্মসূচির সময় একপর্যায়ে বিক্ষোভ সহিংস রূপ নেয়। এ সময় কিছু বিক্ষোভকারী পুলিশের ওপর হামলা চালায় এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। দেশব্যাপী কর্মসূচি সফল করতে সিজেপি স্থানীয় সংগঠকদের জন্য একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি), প্রচারসামগ্রী এবং স্মারকলিপির খসড়া সরবরাহ করেছে। নির্দেশনায় নির্ধারিত স্থানে সমাবেশ, শিক্ষার্থীদের দাবিনামা পাঠ, সাম্প্রতিক সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের প্রতি সংহতি প্রকাশ এবং প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দেওয়ার কথা উল্লেখ রয়েছে। উল্লেখ্য, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিচারের দাবিতে গত ২০ জুন দিল্লির যন্তর মন্তরে আন্দোলনের সূচনা হয়। পরে আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে সামাজিক কর্মী সোনম ওয়াংচুক আমরণ অনশন শুরু করলে আন্দোলনটি আরও গতি পায়। ভারতের বিভিন্ন রাজ্যে শুক্রবারের কর্মসূচিকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। ফলে দেশজুড়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। Post navigation নিট প্রশ্নফাঁসের জেরে ভারতজুড়ে বিক্ষোভ, শিক্ষার্থীদের উদ্দেশে বিশেষ বার্তা মোদীর