মধুপুরের গোলাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোলাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বাড়ানো এবং তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মধুপুর থানা ও ৫ নম্বর গোলাবাড়ী ইউনিয়ন কমিউনিটি পুলিশের উদ্যোগে আয়োজিত র‍্যালিটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে হাতে মাদকবিরোধী ব্যানার ও বিভিন্ন সচেতনতামূলক বার্তা নিয়ে স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

র‍্যালিতে গোলাবাড়ী ইউনিয়নের কমিউনিটি পুলিশিংয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই আসাদুল ইসলাম আসাদ, সহকারী পুলিশ কর্মকর্তা এএসআই আব্দুল হান্নান, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেয়র অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, মধুপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ও গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের চেয়ারম্যান মো. মমিনুল ইসলাম, গোলাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হোসেন আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় নেতৃবৃন্দ, কমিউনিটি পুলিশের সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না; এর প্রভাব পড়ে পরিবার ও সমাজের ওপরও। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে শুধু আইন প্রয়োগ নয়, প্রয়োজন সামাজিক প্রতিরোধ। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে মাদক ব্যবসায়ী ও সরবরাহকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

কর্মসূচিতে উপস্থিত পুলিশ কর্মকর্তারা মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করতে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন। মাদকের কোনো তথ্য পেলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।

আয়োজকেরা বলেন, একটি মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণই পারে মাদকের বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখতে।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *