ভোরের অভিযানে বাঘায় ৩৫ বোতল ভারতীয় চোকো সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাঘায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩৫ বোতল ভারতীয় তৈরি কোডিনযুক্ত অবৈধ চোকো সিরাপ (CHOCO SYRUP) উদ্ধারসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময় তার সঙ্গে থাকা অপর এক সহযোগী পালিয়ে গেলেও তাকে আটকের চেষ্টা চলছে। শুক্রবার (১৭ জুলাই) ভোরে বাঘা থানাধীন তেতুলিয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে বাঘা থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. শাহাদৎ (৩৬)। তিনি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার রামপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। বর্তমানে তিনি ঢাকার তেজগাঁওয়ের তেজকুনিপাড়া এলাকায় বসবাস করেন। রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানের নির্দেশনায় এবং বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আফম আসাদুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) প্রদ্যুৎ কুমার প্রামানিক সঙ্গীয় ফোর্স নিয়ে ওয়ারেন্ট তামিল, মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে দায়িত্ব পালন করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, তেতুলিয়া বাজার হয়ে পীরগাছাগামী সড়ক দিয়ে মোটরসাইকেলে দুই ব্যক্তি বিপুল পরিমাণ অবৈধ চোকো সিরাপ বহন করছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ভোর ৪টা ৪০ মিনিটের দিকে তেতুলিয়া বাজারসংলগ্ন এলাকায় অবস্থান নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে শাহাদৎকে আটক করা হয়। তবে তার সহযোগী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। আটক শাহাদতের দেহ তল্লাশি করে তার পিঠে থাকা একটি কালো ব্যাগ থেকে ৩৫ বোতল ভারতীয় তৈরি কোডিনযুক্ত অবৈধ চোকো সিরাপ (CHOCO SYRUP) উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার শাহাদতের বিরুদ্ধে বাঘা থানাসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তার অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে আরও তথ্য যাচাই করা হচ্ছে। এ ঘটনায় গ্রেপ্তার শাহাদৎ এবং পলাতক সহযোগীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বাঘা থানায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। রাজশাহী জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও চোরাচালান প্রতিরোধে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে। Post navigation মোহনপুরে র্যাবের অভিযানে ৩১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, সহযোগী পলাতক তানোরে এলজিইডির সড়ক সংস্কারকাজ থমকে, ভোগান্তিতে জনজীবন!! নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধির অজুহাত, ঠিকাদারদের গাফিলতির অভিযোগ