পুঠিয়ায় ফসলি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, অকেজো ২ এস্কেভেটর

 মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিনিধি রাজশাহী :

রাজশাহীর পুঠিয়ায় অবৈধভাবে ফসলি জমির টপসয়েল (উপরিভাগের মাটি) কাটা প্রতিরোধে অভিযান চালিয়ে দুটি এস্কেভেটর (ভেকু) পুরোপুরি অকেজো করা হয়েছে। এ সময় চারটি ব্যাটারি জব্দ এবং দুটি ব্যাটারি ধ্বংস করা হয়। এ ঘটনায় জড়িত দুইজনকে থানা হেফাজতে দেওয়া হয়েছে।

রোববার (৩০ আগস্ট) রাত ১০টা থেকে সোমবার (৩১ আগস্ট) রাত ১টা ১০ মিনিট পর্যন্ত উপজেলার কৈহাড়িয়া, শিলমাড়িয়া এবং জিউপাড়া ইউনিয়নের বারোপাখিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, ফসলি জমির টপসয়েল কেটে অন্যত্র নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছিল। খবর পেয়ে পুঠিয়া উপজেলা ভূমি প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় পৃথক দুটি স্থান থেকে টপসয়েল কাটার কাজে ব্যবহৃত দুটি এস্কেভেটর জব্দ করা হয়। তবে পরিবহনের সুযোগ না থাকায় ঘটনাস্থলেই যন্ত্র দুটি সম্পূর্ণরূপে অকেজো করে দেওয়া হয়।

এ ছাড়া ঘটনাস্থল থেকে চারটি ব্যাটারি জব্দ করা হয়। এর মধ্যে দুটি ব্যাটারি ধ্বংস করা হয়েছে। মাটি কাটার সঙ্গে জড়িত দুইজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানা হেফাজতে দেওয়া হয়েছে।

অভিযান পরিচালনা করেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষিজমির উর্বরতা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধভাবে ফসলি জমির টপসয়েল কাটা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *