পুঠিয়ায় কন্যাশিশু দিবস উদযাপন, প্রতিভা বিকাশে উদ্যোগ অব্যাহত রাখার আশ্বাস ইউএনও লিয়াকত সালমানের

👨‍💼 মমিনুল ইসলাম মুন, নিজস্ব প্রতিবেদক, রাজশাহী :

জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে রাজশাহীর পুঠিয়ায় আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কন্যাশিশুদের প্রতিভা বিকাশ, সৃজনশীলতা ও ক্রীড়াক্ষেত্রে উৎসাহিত করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার (১২ অক্টোবর) পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল। অনুষ্ঠানে সভাপতিত্ব ও সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কন্যাশিশুদের উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান।

অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ ছাড়া পুঠিয়া উপজেলার সাতবাড়িয়া স্কুলের শিক্ষার্থী মোছাম্মৎ মাহিয়া খাতুনকে বিশেষ কৃতিত্বের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।

মাহিয়া খাতুন ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় রাজশাহী অঞ্চলে ৫০ মিটার বুকসাঁতারে দ্বিতীয় এবং রিলে সাঁতারে প্রথম স্থান অর্জন করে। তার এ সাফল্যে পুঠিয়া উপজেলার সুনাম বৃদ্ধি পেয়েছে। অনুষ্ঠানে সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল তার হাতে পুরস্কার তুলে দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান বলেন, কন্যাশিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি, সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং খেলাধুলায় উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিটি শিশুর মেধা ও যোগ্যতা বিকাশের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। কন্যাশিশুরা যেন শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়াসহ সব ক্ষেত্রে নিজেদের যোগ্যতা তুলে ধরতে পারে, সে লক্ষ্যে উপজেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনের এমন উদ্যোগে কন্যাশিশুদের সাফল্যের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *