পাঁচন্দর ইউপি নির্বাচন: দুবইল আদিবাসী পাড়ায় মোমিনুল হক মোমিন, শুনলেন নারীদের কথা,,,

সমস্যা সমাধান ও এলাকার উন্নয়নে পাশে থাকার আশ্বাস

মমিনুল ইসলাম মুন, নিজস্ব প্রতিবেদক, রাজশাহী :

রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জনসংযোগ ও মতবিনিমাপ কার্যক্রম জোরদার করেছেন সাবেক চেয়ারম্যান ও সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোমিনুল হক মোমিন। এরই ধারাবাহিকতায় পাঁচন্দর ইউনিয়নের দুবইল আদিবাসী পাড়ার মন্দির প্রাঙ্গণে স্থানীয় নারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় এলাকার মানুষের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচন্দর ইউনিয়নের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রেখে আসছেন মো. মোমিনুল হক মোমিন। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি তার গণসংযোগও বেড়েছে। এর অংশ হিসেবে দুবইল আদিবাসী পাড়ায় গিয়ে স্থানীয়দের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি।

মতবিনিময়কালে পাড়ার নারী ও স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। বিশেষ করে যোগাযোগব্যবস্থা, শিক্ষা, কর্মসংস্থান, সরকারি সহায়তা, সামাজিক নিরাপত্তা এবং পিছিয়ে থাকা জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। মোমিনুল হক মোমিন ধৈর্যসহকারে তাদের বক্তব্য শোনেন এবং সংশ্লিষ্ট সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস দেন।

এ সময় মোমিনুল হক মোমিন বলেন, “আমি দীর্ঘদিন ধরে পাঁচন্দর ইউনিয়নের মানুষের সঙ্গে আছি। মানুষের সুখ-দুঃখের কথা শুনে তাদের পাশে দাঁড়ানোই আমার রাজনীতির মূল উদ্দেশ্য। ইউনিয়নের কোনো মানুষ যেন অবহেলিত না থাকেন, সে বিষয়ে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”

তিনি বলেন, পাঁচন্দর ইউনিয়নের উন্নয়নে শুধু রাস্তা-ঘাট বা অবকাঠামো নয়, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, নারীর নিরাপত্তা, সামাজিক সুরক্ষা ও পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নেও গুরুত্ব দিতে হবে। স্থানীয় মানুষের মতামত নিয়েই ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মোমিনুল হক মোমিন আরও বলেন, “জনপ্রতিনিধির কাছে মানুষের প্রত্যাশা অনেক। সেই প্রত্যাশার জায়গা থেকে মানুষের কথা শুনতে হবে, সমস্যাগুলো বুঝতে হবে এবং সামর্থ্য অনুযায়ী সমাধানের উদ্যোগ নিতে হবে। আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি, ভবিষ্যতেও থাকব।”

মতবিনিময় অনুষ্ঠানে স্থানীয় নারী ও বাসিন্দারা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এ সময় মোমিনুল হক মোমিনের সঙ্গে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরাও উপস্থিত ছিলেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, পাঁচন্দর ইউনিয়নে আগামী নির্বাচনকে ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তৎপরতা ধীরে ধীরে বাড়ছে। এরই মধ্যে বিভিন্ন এলাকায় গণসংযোগ, মতবিনিময় ও সামাজিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। সাবেক চেয়ারম্যান মো. মোমিনুল হক মোমিনও চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি হিসেবে ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন।

স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলের মতে, পাঁচন্দর ইউনিয়নে দীর্ঘদিনের রাজনৈতিক পরিচয় ও সাবেক চেয়ারম্যান হিসেবে অভিজ্ঞতার কারণে মোমিনুল হক মোমিনের গণসংযোগ স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে। তবে নির্বাচনের তফসিল ও দলীয় সিদ্ধান্তের পর প্রার্থিতার বিষয়টি আরও স্পষ্ট হবে।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *