নিয়ামতপুরে ছেলের বিরুদ্ধে গলায় ছুরি ধরে মাকে হত্যা চেষ্টার অভিযোগ

 সবুজ সরকার নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর নিয়ামতপুরে ছেলের বিরুদ্ধে মায়ের গলায় ছুরি ধরে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার (২৯ আগষ্ট) উপজেলার আঘোর গ্রামে এঘটনা ঘটে। এঘটনায় ভুক্তভোগী মা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ও সংবাদ সম্মেলন করেছেন। তবে অভিযুক্ত ছেলে অভিযোগ অস্বীকার করেছেন।

এ ঘটনায় ভুক্তভোগী মা গত রোববার (৩০ আগস্ট) নিয়ামতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ও বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন করেছেন।

ভুক্তভোগী ওই মায়ের নাম ফাতেমা বেওয়া (৭০)। আর অভিযুক্ত ছেলের নাম মো. মোশারফ হোসেন বাবু (৪৯)। বাড়ি উপজেলার আঘোর গ্রামে। 

লিখিত অভিযোগ ও সংবাদ সম্মেলন সূত্রে জানা গেছে, ভুক্তভোগীর দুই ছেলে। বড় ছেলে একজন মাদকাসক্ত। মায়ের সম্পত্তি লিখে নেওয়ার জন্য বিভিন্ন পাঁয়তারা করে। প্রায়ই নেশাগ্রস্ত অবস্থায় জমিজমা ও পারিবারিক বিষয়কে কেন্দ্র করে তাঁর মাকে গালিগালাজ, মারধর ও বিভিন্ন ভয়ভীতি দেখাতো। গত শনিবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে এসে কোনো কারণ ছাড়াই তাঁর মাকে ও ছোট ভাই ইমরান হোসেনকে গালিগালাজ শুরু করে। একপর্যায়ে উত্তেজিত হয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাঁর মাকে মারধর করে।

লিখিত অভিযোগ সূত্রে আরও জানা গেছে, একপর্যায়ে মোশারফ হোসেনের হাতে থাকা ধারালো ছুরি মায়ের গলায় ধরে হত্যার হুমকি দেয় ও বাড়ির বাহিরে নিয়ে যায়। এ সময় মায়ের চিৎকার শুনে ছোট ছেলে ইমরান হোসেন জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে বিষয়টি বুঝতে পেরে মাকে ছেড়ে দেন মোশারফ। ভবিষ্যতে সুযোগ পেলে মাকে হত্যা করার হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। 

তবে মায়ের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মোশারফ হোসেন বাবু। তিনি বলেন, মাকে গালিগালাজ বা গলায় ছুরি ধরার অভিযোগ মিথ্যা। তিনি শুধু নিজের অংশের সম্পত্তি বুঝিয়ে দেওয়ার দাবি করেছেন। কিন্তু তার মা ছোট ছেলের পক্ষ নিয়ে তাকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করতে মিথ্যা অভিযোগ করছেন বলে দাবি করেন মোশারফ।

এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান পিপিএম বলেন, একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *