নতুন নামে যাত্রা শুরু করল র্যাব, কার্যক্রম চলবে এসআরবি হিসেবে বিশেষ প্রতিনিধি : র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে পুলিশের অধীনে গঠিত নতুন বিশেষায়িত ইউনিট ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে নতুন নামে ইউনিটটির কার্যক্রম শুরু হয়। বাহিনীপ্রধান আহসান হাবীব পলাশ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে গেজেট প্রকাশ করা হয়েছে। এর মাধ্যমে র্যাবের নাম পরিবর্তন করে বুধবার থেকেই এসআরবি নামে সব ধরনের কার্যক্রম পরিচালনা শুরু হয়েছে। নতুন ইউনিটের কার্যক্রম শুরুর সঙ্গে সঙ্গে বাহিনীর পরিচিতিতেও পরিবর্তন আনা হয়েছে। এসআরবির বিভিন্ন দপ্তর ও ইউনিট থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তি এবং সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্রে র্যাবের পরিবর্তে ‘এসআরবি বাংলাদেশ’ লেখা লোগো ব্যবহার করা হচ্ছে। তবে নতুন লোগোর নকশায় বড় কোনো পরিবর্তন আনা হয়নি। এর আগে গত ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদে র্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন বিশেষায়িত ইউনিট গঠনের বিল পাস হয়। পরে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারির মাধ্যমে নতুন কাঠামোটি আইনি স্বীকৃতি পায়। প্রজ্ঞাপন জারির পরদিনই নতুন নামে ইউনিটটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। ২০০৪ সালের ২৬ মার্চ তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) গঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে বাহিনীটি দায়িত্ব পালন করে আসছিল। তবে সময়ের সঙ্গে র্যাবের বিভিন্ন অভিযানে বিচারবহির্ভূত হত্যা, গুম ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে। এসব অভিযোগ নিয়ে দেশ-বিদেশে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ১০ ডিসেম্বর র্যাব এবং বাহিনীর তৎকালীন ও সাবেক সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর কাঠামো ও কার্যক্রমে সংস্কারের দাবি জোরালো হয়। এর ধারাবাহিকতায় ২০২৪ সালের ১০ ডিসেম্বর বিএনপি গঠিত পুলিশ প্রশাসন সংস্কারবিষয়ক কমিটিও র্যাব বিলুপ্ত করে নতুন কাঠামো গঠনের সুপারিশ করে। পরবর্তীতে র্যাবের কাঠামো ও কর্মপরিধি পুনর্বিন্যাস করে পুলিশের অধীনে নতুন পরিচয়ে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ গঠনের উদ্যোগ নেয় সরকার। সংসদে বিল পাস এবং প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে সেই প্রক্রিয়া সম্পন্ন হয়। নতুন কাঠামোর ফলে র্যাব নামে পুরোনো প্রতিষ্ঠানের কার্যক্রমের আনুষ্ঠানিক অবসান ঘটল। এখন থেকে পুলিশের অধীনে বিশেষায়িত ইউনিট হিসেবে এসআরবি দায়িত্ব পালন করবে। নতুন ইউনিটের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলা ও বিশেষায়িত অভিযান পরিচালনার কাঠামো আরও পুনর্বিন্যাস করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। র্যাব থেকে এসআরবিতে রূপান্তরের ফলে বাহিনীর নাম ও সাংগঠনিক কাঠামোয় পরিবর্তন এলেও বিদ্যমান জনবল, ইউনিট ও কার্যক্রমের কতটা পরিবর্তন হবে—তা নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা রয়েছে। নতুন ব্যবস্থায় এসআরবির দায়িত্ব, সাংগঠনিক কাঠামো ও কার্যপরিধি কীভাবে বাস্তবায়িত হবে, সেটিও পর্যায়ক্রমে স্পষ্ট হবে। Post navigation গোদাগাড়ীতে জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন ; ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায়দের মাঝে বাইসাইকেল, শিক্ষাবৃত্তি, সেলাই মেশিন ও ঘরের চাবি বিতরণ রাজশাহীর দুর্গাপুরে ইউএনও উম্মে হাবিবা ফারজানার দক্ষ নেতৃত্বে প্রশাসনিক কর্মকাণ্ডে নতুন গতি, সন্তুষ্ট তৃণমূলের মানুষ