গোদাগাড়ীতে জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন ;

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায়দের মাঝে বাইসাইকেল, শিক্ষাবৃত্তি, সেলাই মেশিন ও ঘরের চাবি বিতরণ

মমিনুল ইসলাম মুন, নিজস্ব প্রতিনিধি, রাজশাহী:

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দিনব্যাপী পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম। পরিদর্শনকালে তিনি বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন, সরকারি সহায়তা বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরের কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী, প্রশিক্ষিত নারী ও অসহায় পরিবারের মাঝে ১০৯টি বাইসাইকেল, ৭২৬টি শিক্ষাবৃত্তি, ৭৩টি সেলাই মেশিন এবং ২২টি গৃহের চাবি বিতরণ করেন।

এ ছাড়া ১২০ জন শিক্ষার্থীর মাঝে গাছের চারা এবং দিয়ার মানিকচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ শিক্ষার্থীর মধ্যে স্কুল ড্রেস, পাটের তৈরি স্কুল ব্যাগ ও জুতা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে সরকার বিভিন্ন ধরনের সহায়তা ও কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব সহায়তা প্রকৃত উপকারভোগীদের কাছে যথাযথভাবে পৌঁছে দিতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেন তিনি।

শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, শিক্ষা ও দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। পাশাপাশি প্রশিক্ষিত নারীদের সরকারি সহায়তা কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা অহেদুজ্জামান, গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ সুজন মিয়াসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

পরে জেলা প্রশাসক গোদাগাড়ী সরকারি স্কুল অ্যান্ড কলেজ, গোদাগাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গোদাগাড়ী পৌরসভা পরিদর্শন করেন। তিনি প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। 

এরপর উপজেলা ভূমি অফিস ও একটি ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনকালে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক। এ সময় জনসচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ এবং সরকারি সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

দিনব্যাপী পরিদর্শনকালে জেলা প্রশাসক উপজেলার বিভিন্ন সরকারি কার্যক্রমের অগ্রগতি ও সেবার মান পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে উন্নয়নমূলক কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন এবং সাধারণ মানুষের কাছে সরকারি সেবা আরও সহজলভ্য করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

জেলা প্রশাসকের এ পরিদর্শনকে সরকারি সেবার মানোন্নয়ন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং শিক্ষা ও আত্মকর্মসংস্থানে সহায়তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed