নওগাঁয় ১৫ লাখ টাকার ৮০টি হারানো মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর

মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক:

নওগাঁ জেলা পুলিশের বিশেষ তৎপরতায় বিভিন্ন সময় হারিয়ে যাওয়া (মিসিং) ৮০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধার করা মোবাইল ফোনগুলোর আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ টাকা।

নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের প্রত্যক্ষ নির্দেশনা ও তত্ত্বাবধানে গত জুলাই ২০২৬ মাসে জেলা পুলিশের আইসিটি শাখা, ক্রাইম শাখা ও জেলা গোয়েন্দা শাখার সদস্যরা তথ্যপ্রযুক্তির সহায়তায় এসব মোবাইল ফোন উদ্ধার করেন।

রোববার (১৬ আগস্ট) সকালে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে উদ্ধার করা মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অর্ধশতাধিক নারী-পুরুষ, বয়স্ক ব্যক্তি ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম যাচাই-বাছাই শেষে উদ্ধার হওয়া ৮০টি মোবাইল ফোনের প্রকৃত মালিকদের হাতে ফোনগুলো তুলে দেন। দীর্ঘদিন পর হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় তারা জেলা পুলিশের জনহিতকর উদ্যোগের জন্য পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে মোবাইল ফোন মানুষের অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস। বলা যায়, মোবাইল এখন মানুষের জীবনযাত্রার গুরুত্বপূর্ণ অংশ। জেলা পুলিশের অক্লান্ত প্রচেষ্টায় বিভিন্নভাবে হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত ও সম্মানিত বোধ করছি।”

তিনি আরও বলেন, ভবিষ্যতে নওগাঁ জেলা পুলিশ হারানো মোবাইল ফোন উদ্ধারে তৎপরতা আরও বৃদ্ধি করবে এবং প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে জনগণের সেবা নিশ্চিত করতে কাজ করে যাবে।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *