ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘ধারা’, ১৩ জুলাই পর্যন্ত দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা

দেশবার্তা বিডি২৪. কম ডেস্ক :

দেশের দিকে ধেয়ে আসছে চলতি মৌসুমের দ্বিতীয় শক্তিশালী ও পূর্ণাঙ্গ মৌসুমী বৃষ্টিবলয় ‘ধারা’। রোববার (৫ জুলাই) থেকে আগামী ১৩ জুলাই পর্যন্ত পর্যায়ক্রমে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

ফাইল ছবি

এ সময় দেশের প্রায় ৯০ থেকে ১০০ শতাংশ অঞ্চল বৃষ্টির আওতায় আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিষয়ক বেসরকারি গবেষণা সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

সংস্থাটির তথ্যমতে, বৃষ্টিবলয়টি প্রথমে দেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় হবে। পরে ধাপে ধাপে এটি সারা দেশে বিস্তৃত হবে। আগামী ৭ থেকে ১১ জুলাই পর্যন্ত এর প্রভাব সবচেয়ে বেশি থাকবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় টানা বৃষ্টির কারণে সূর্যের দেখা কম মিলতে পারে। ঢাকা ও খুলনা বিভাগেও উল্লেখযোগ্য বৃষ্টিপাত হতে পারে। তবে রাজশাহী ও রংপুর বিভাগের কিছু এলাকায় তুলনামূলক কম বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে অতিভারী বর্ষণের কারণে পার্বত্য চট্টগ্রামে পাহাড়ধসের ঝুঁকি তৈরি হতে পারে। পাশাপাশি ভারতের আসাম ও মেঘালয়ে ভারী বৃষ্টিপাতের ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেট ও ময়মনসিংহ বিভাগের সীমান্তবর্তী এলাকায় সাময়িক আকস্মিক বন্যা দেখা দিতে পারে।

একটানা বৃষ্টির কারণে সিলেট, ময়মনসিংহ, পার্বত্য বান্দরবান এবং উপকূলীয় অঞ্চলের নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতার আশঙ্কাও রয়েছে।

সমুদ্র পরিস্থিতি সম্পর্কে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ এবং সক্রিয় মৌসুমী বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকতে পারে। তবে এই সময়ে বড় ধরনের কালবৈশাখী বা তীব্র ঝড়ের সম্ভাবনা নেই। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও বজ্রপাত ও দমকা হাওয়া বয়ে যেতে পারে।

এদিকে আবহাওয়াবিদদের মতে, টানা বৃষ্টিপাতের ফলে তাপপ্রবাহের সম্ভাবনা কম থাকবে এবং আবহাওয়া তুলনামূলক স্বস্তিদায়ক থাকবে। যদিও বৃষ্টি থেমে গেলে খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের কিছু এলাকায় তাপমাত্রা সাময়িকভাবে ৩৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

বিশেষজ্ঞদের ধারণা, আষাঢ়-শ্রাবণের এই বৃষ্টিবলয় দেশের আমন চাষে ইতিবাচক প্রভাব ফেলবে। এর ফলে দেশের প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ এলাকায় আমন ধানের সেচের প্রয়োজনীয়তা
প্রাকৃতিকভাবেই পূরণ হতে পারে।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *