সারা দেশে বজ্রবৃষ্টির সম্ভাবনা, ১৩ অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস দেশবার্তা বিডি২৪. কম, আবহাওয়া বার্তা : দেশের আট বিভাগেই বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের কিছু এলাকায় মাঝারি ধরনের ভারি বৃষ্টিরও আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১০ অক্টোবর) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টিও হতে পারে। তবে বৃষ্টির পাশাপাশি সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। এর মধ্যে আগামী ১৩ অক্টোবরের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এ পরিস্থিতির ওপর আবহাওয়াবিদেরা নজর রাখছেন। সাতক্ষীরায় সর্বোচ্চ বৃষ্টিপাত আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সাতক্ষীরায়। একই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটি ও কুতুবদিয়ায় ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার এ পরিস্থিতিতে বজ্রবৃষ্টির সময় খোলা মাঠ, উঁচু স্থান ও জলাশয়ের কাছ থেকে দূরে থাকা এবং নিরাপদ আশ্রয়ে অবস্থান করার পরামর্শ দেওয়া হচ্ছে। Post navigation দুপুরের মধ্যে দেশের ৭ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা