ডিআইজি শাহজাহানের নেতৃত্বে রাজশাহী রেঞ্জে মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে নজরদারি জোরদার

👉Visit to get the latest news ⏩www.deshbartabd24.com

 

মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : ৫ই জুলাই ২০২৬।

রাজশাহী রেঞ্জজুড়ে মাদক, জুয়া, কিশোর গ্যাং, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে বিশেষ নজরদারি এবং ধারাবাহিক অভিযান জোরদার করেছে পুলিশ। রেঞ্জ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভাগের আওতাধীন সব জেলায় নিয়মিত অভিযান, রাতভর টহল, চেকপোস্ট পরিচালনা এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

রাজশাহী রেঞ্জ ডিআইজি মোঃ শাহজাহানের কঠোর নির্দেশনা

রেঞ্জ পুলিশের ডিআইজি মোহাম্মদ শাহজাহানের সার্বিক দিকনির্দেশনায় সীমান্তবর্তী এলাকাগুলোতে মাদক পাচার প্রতিরোধে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার এবং একাধিক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

মাদক ব্যবসার জন্য আলোচিত রাজশাহীর গোদাগাড়ী উপজেলায়ও নিয়মিত অভিযান পরিচালনা করছে পুলিশ। জেলা পুলিশের তত্ত্বাবধানে গোদাগাড়ী থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান, টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে। সীমান্ত ব্যবহার করে যাতে কোনো ধরনের মাদক চোরাচালান সংঘটিত না হয়, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

রেঞ্জ পুলিশের তথ্যমতে, মাদকের পাশাপাশি জুয়া, কিশোর গ্যাং ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে প্রতিটি জেলায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। নিয়মিত চেকপোস্টে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশির পাশাপাশি অপরাধপ্রবণ এলাকায় রাতের টহলও বাড়ানো হয়েছে।

এছাড়া রাজশাহী রেঞ্জের আওতাধীন ৯৬টি থানার কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণে থানাগুলোকে নিয়মিত দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি বিভিন্ন জেলার পুলিশ সুপারদের সার্বিক তত্ত্বাবধানে সমন্বিত কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শুধু অভিযান নয়, মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতেও বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে পুলিশ। শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদক, জুয়া, কিশোর গ্যাং ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহী রেঞ্জ পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে।

 

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *