জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব;| জয়পুরহাটে যুক্তিতর্কের লড়াইয়ে চ্যাম্পিয়ন পাঁচবিবির নছির মন্ডল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রেজুওয়ান আহমেদ,জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাটে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও দৈনিক সমকালের যৌথ উদ্যোগে ১২তম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দিনব্যাপী কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জেলার মাধ্যমিক পর্যায়ের আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৪ জন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এ বিতর্ক উৎসবে অংশ নেয়। বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে পাঁচবিবি নছির মন্ডল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। রানার্সআপ হয়েছে কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থান অর্জন করেছে জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। চ্যাম্পিয়ন দলের মালিহা মমতাজ শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন। সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন এবং কবুতর ও বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফয়সাল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. আযিযুল হাকিম। বিতর্ক উৎসবে মডারেটরের দায়িত্ব পালন করেন আক্কেলপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার মীর মোহাম্মদ আলী। বিচারকের দায়িত্ব পালন করেন আক্কেলপুর মুজিবর রহমান সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান মো. নূরে আলম সিদ্দিকী, কাশিড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিদ্দীকুর রহমান তালুকদার ও গোপীনাথপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল বাছেদ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফয়সাল আহমেদ বলেন, বিজ্ঞান শুধু পাঠ্যবইয়ের একটি বিষয় নয়; বিজ্ঞান মানুষের চিন্তা, যুক্তি ও সমস্যা সমাধানের সক্ষমতা বাড়ায়। বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের যুক্তি দিয়ে কথা বলা, তথ্য-প্রমাণের ভিত্তিতে মত প্রকাশ এবং অন্যের মতামতকে সম্মান করার মানসিকতা তৈরি হয়। বিজ্ঞানমনস্ক ও যুক্তিবাদী প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিকেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফয়সাল আহমেদ। এ সময় সমকালের জেলা প্রতিনিধি শাহারুল আলম, সরকারি ময়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুল, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম কাদির, দিনকালের কালাই প্রতিনিধি আঃ করিমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। Post navigation তানোরে শিশু সুরক্ষায় গোলটেবিল বৈঠক, আলোচনায় শিক্ষা-বাল্যবিবাহ ও মাদক বাঘায় র্যাবের অভিযানে ১২৫ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩