জাতীয় প্রাথমিক শিক্ষা পদক: ঢাকা জেলার এডিসি ফারজানা রহমান শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা

 

 দেশবার্তা বিডি ২৪ ডট কম ডেস্ক :

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬-এ দেশের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচিত হয়েছেন সোনারগাঁ উপজেলার সাবেক ইউএনও এবং বর্তমানে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) ফারজানা রহমান।

বুধবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তার হাতে এ সম্মাননা তুলে দেন।

প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণ, প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তার, স্বাস্থ্যসেবা, সহশিক্ষা কার্যক্রম এবং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ পুরস্কার অর্জন করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সোনারগাঁ উপজেলায় দায়িত্ব পালনকালে ফারজানা রহমান প্রাথমিক শিক্ষাকে কেন্দ্র করে সমন্বিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করেন। তার উদ্যোগে উপজেলার ১১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে চালু করা হয় ‘মিড-ডে মিল’ কর্মসূচি। পাশাপাশি বিদ্যালয় ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়াতে ১৫টি বিদ্যালয়ের ওয়েবসাইট চালু করা হয়।

 

তথ্যপ্রযুক্তি শিক্ষাকে উৎসাহিত করতে শিক্ষার্থীদের মৌলিক কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। প্রশিক্ষণ শেষে অনুশীলনের জন্য কয়েকটি বিদ্যালয়ে ল্যাপটপ সরবরাহ করা হয়।

শিক্ষার্থীদের যুক্তিবোধ, নেতৃত্ব ও আত্মবিশ্বাস বিকাশে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা, কুইজ, সেমিনার এবং বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম আয়োজন করা হয়। প্রথম শ্রেণির শিক্ষার্থীদের জন্য চালু করা হয় ‘বিশেষ স্বাস্থ্যসেবা কার্ড’, যার মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্রাধিকারভিত্তিক চিকিৎসাসেবাসহ বিভিন্ন স্বাস্থ্যসুবিধা নিশ্চিত করা হয়।

বিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের বাল্যবিবাহ, মাদকবিরোধী সচেতনতা, ভূমিসেবা ও সামাজিক মূল্যবোধ বিষয়ে ধারণা দেওয়া হয়। একই সঙ্গে দরিদ্র শিক্ষার্থীদের জন্য স্কুল ইউনিফর্ম, জুতা, ব্যাগ, খাতা ও কলম বিতরণের উদ্যোগ নেওয়া হয়, যাতে অর্থনৈতিক কারণে কোনো শিশুর পড়াশোনা ব্যাহত না হয়।

এ ছাড়া বিদ্যালয়গুলোতে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে ডাস্টবিন স্থাপন, ফুল ও ফলজ গাছ রোপণ, শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি, অভিভাবকদের জন্য ‘অভিভাবক ছায়াতল’ নির্মাণ এবং নিয়মিত বিদ্যালয় পরিদর্শনের মাধ্যমে বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়।

তার নেতৃত্বে বিদ্যালয়ের মাঠ ভরাট, সীমানাপ্রাচীর নির্মাণ, গাইড ওয়াল ও প্যালাসাইডিংসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নকাজও বাস্তবায়িত হয়। পাশাপাশি খেলাধুলার প্রসারে ক্রীড়া সামগ্রী ও ফুটবল টুর্নামেন্টের জন্য জার্সি বিতরণ করা হয়।

শিক্ষা প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন, প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরিতে ফারজানা রহমানের উদ্ভাবনী ও কার্যকর উদ্যোগ জাতীয় পর্যায়ে প্রশংসিত হয়েছে। এরই স্বীকৃতি হিসেবে তিনি জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬-এ দেশের শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *