মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণের ভূমি সংক্রান্ত সেবা প্রাপ্তি আরও সহজ, দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গ্রামভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচি’র আওতায় আয়োজিত এ সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের তহসিলদার এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগোষ্ঠীর অনেকেই ভূমি সংক্রান্ত বিভিন্ন জটিলতা, তথ্যের অভাব এবং প্রশাসনিক প্রক্রিয়া সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকায় কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হন। এসব সমস্যা দূর করতে স্থানীয় প্রশাসন জনগণের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দিতে কাজ করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান বলেন, “সরকারের লক্ষ্য হচ্ছে সকল নাগরিকের জন্য সমান সুযোগ ও সেবা নিশ্চিত করা। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণ যাতে ভূমি সংক্রান্ত সেবা সহজে ও নির্বিঘ্নে পেতে পারেন, সে বিষয়ে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। কোনো ধরনের হয়রানি ছাড়াই সেবা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম বলেন, “ভূমি সংক্রান্ত সেবাগুলো এখন অনেকাংশে ডিজিটাল হয়েছে। জনগণকে এসব সেবা সম্পর্কে সচেতন হতে হবে। নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন বিষয়ে কোনো সমস্যার সম্মুখীন হলে সরাসরি ভূমি অফিসে যোগাযোগ করার আহ্বান জানাই।”

মতবিনিময় সভায় অংশগ্রহণকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিরা ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। এ সময় প্রশাসনের পক্ষ থেকে তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনা হয় এবং সমস্যাগুলোর সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেওয়া হয়।

সভা শেষে অংশগ্রহণকারীরা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণের ভূমি অধিকার সুরক্ষা ও সেবা প্রাপ্তির ক্ষেত্রে এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *