কালাইয়ে ইউএনওর ভ্রাম্যমাণ আদালত;| অনিয়মে দুই সার ডিলারকে ২৫ হাজার টাকা জরিমানা রেজুওয়ানুল হক, জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাটের কালাইয়ে সার বিক্রিতে অনিয়মের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই ডিলারকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফয়সাল আহমেদ। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জিন্দারপুর ইউনিয়নের বেগুনগ্রাম ও মোলামগাড়ী বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সার বিক্রির ক্ষেত্রে ক্যাশমেমো না দেওয়া, মূল্যতালিকা প্রদর্শন না করা এবং রেজিস্টারে অসংগতি পাওয়ায় বেগুনগ্রাম ভাই ভাই স্টোর অ্যান্ড ট্রেডার্সের স্বত্বাধিকারী আ. রহমান আকন্দকে ১০ হাজার টাকা এবং সালাম ট্রেডার্সের স্বত্বাধিকারী আ. সালামকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কৃষকদের কাছে সারের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করা এবং সার বিক্রিতে অনিয়ম ও কৃত্রিম সংকট প্রতিরোধে নিয়মিত নজরদারি করছে উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে ইউএনও মো. ফয়সাল আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। একই দিন মোলামগাড়ী বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হারুন উর রশিদ এবং কালাই থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হারুন উর রশিদ বলেন, উপজেলায় সারের কোনো সংকট নেই। কৃত্রিম সংকট সৃষ্টি, বেশি দামে সার বিক্রি কিংবা অন্য কোনো অনিয়মের বিরুদ্ধে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। উপজেলা প্রশাসনের এ ধরনের নিয়মিত তদারকি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ফলে কৃষকদের ন্যায্যমূল্যে সার প্রাপ্তি নিশ্চিত করার পাশাপাশি বাজারে শৃঙ্খলা বজায় থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। Post navigation পুঠিয়ায় শিবু দাসের নেতৃত্বে মাদকবিরোধী মোবাইল কোর্ট, ৪ মাদকসেবী ও বিক্রেতাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড রাজশাহীর গোধূলি মার্কেটে দখল-অনিয়ম: যুবলীগ নেতা ও ব্যবসায়ীর কাছে আরডিএর পাওনা ১ কোটি ৫৯ লাখ টাকা,দখল ছাড়ার নির্দেশ