এসএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানা যাবে তিন মাধ্যমে ফাইল ছবি দেশবার্তা বিডি ২৪. কম ডেস্ক : এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ সোমবার (১০ আগস্ট)। সকাল ১০টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। এরপর শিক্ষার্থীরা তিনটি মাধ্যমে তাদের ফলাফল জানতে পারবে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে। শিক্ষা বোর্ডগুলোর অভিন্ন ওয়েবসাইট eduboardresults.gov.bd ও educationboardresults.gov.bd-এ প্রবেশ করে পরীক্ষার্থীরা রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল দেখতে পারবে। এ ছাড়া সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে। মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমেও ফলাফল সংগ্রহ করা যাবে। এজন্য যেকোনো মোবাইল নম্বর থেকে SSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ হিসেবে, ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থীকে লিখতে হবে—SSC Dha 123456 2026। এরপর এসএমএসের মাধ্যমে ফলাফল জানিয়ে দেওয়া হবে। এ ছাড়া ১৬২২২ নম্বরেও ফলাফল জানা যাবে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড ও সংবাদপত্রের কার্যালয় থেকে সরাসরি ফলাফল দেওয়া হবে না। শিক্ষার্থীদের নির্ধারিত মাধ্যমেই ফল সংগ্রহ করতে হবে। এদিকে প্রকাশিত ফলে কোনো পরীক্ষার্থী অসন্তুষ্ট হলে পুনঃনিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জের আবেদন করতে পারবে। এ আবেদন অনলাইনে গ্রহণ করা হবে ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত। উল্লেখ্য, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। আর দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত পরীক্ষা শেষ হয় ২৪ মে। সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে এসএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয়। সে হিসাবে গত ২০ জুলাই ফল প্রকাশের কথা থাকলেও এবার নির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ পর ফল প্রকাশ করা হচ্ছে। Post navigation মাউশির রাজশাহী অঞ্চলের পরিচালককে সরাতে চক্রান্ত: তৎপর দালাল চক্র চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের