এসএসসির ফল আশানুরূপ না হওয়ায় বাগমারায় স্কুলছাত্রীর আত্মহত্যা মুন নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাগমারায় এসএসসি পরীক্ষার ফল আশানুরূপ না হওয়ায় মানসিক হতাশা থেকে কারিনা পাল (১৬) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছেন। সোমবার (১০ আগস্ট) উপজেলার গনিপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কারিনা পাল ওই গ্রামের কাঞ্চন কুমার পালের মেয়ে। তিনি চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। চলতি বছর তিনি এসএসসি পরীক্ষায় অংশ নেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর কারিনা জানতে পারেন, রসায়ন ও পদার্থবিজ্ঞান বিষয়ে তার ফল আশানুরূপ হয়নি। এ নিয়ে তিনি মানসিকভাবে হতাশ হয়ে পড়েন। একপর্যায়ে মায়ের সঙ্গে কথা বলে নিজ কক্ষে চলে যান। পরে পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। স্বজনরা দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক বলেন, কারিনা পড়াশোনায় ভালো ছাত্রী ছিলেন। ফলাফল খারাপ হওয়া জীবনের শেষ নয়। প্রয়োজনে পরবর্তী সময়ে আবারও পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ রয়েছে। ফলাফলজনিত হতাশার সময়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের মানসিকভাবে সহায়তা করা জরুরি। কারিনার মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন, শিক্ষক ও স্থানীয়রা ফলাফল নিয়ে হতাশ শিক্ষার্থীদের প্রতি পরিবারের সদস্যদের বাড়তি নজরদারি ও মানসিক সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। Post navigation রাজশাহী রেঞ্জে মাসিক অপরাধ পর্যালোচনা সভা;| অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান ও অস্ত্র উদ্ধারে জোর ডিআইজির মোহনপুরে ফসলী জমিতে অবৈধ ইটভাটা