আহত সংবাদপত্র বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

👨‍💼মমিনুল ইসলাম মুন, নিজস্ব প্রতিবেদক,

রাজশাহী:

মানবিক সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার দৃষ্টান্ত স্থাপন করে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত প্রবীণ সংবাদপত্র বিক্রেতা বুলবুল মেম্বারের পাশে দাঁড়িয়েছে তানোর প্রেসক্লাব। তাঁর চিকিৎসা-পরবর্তী সংকটময় সময়ে পরিবারের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে প্রেসক্লাবের নেতৃবৃন্দ। নগদ অর্থের পাশাপাশি পরিবারের জন্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়েছে।সোমবার (২ নভেম্বর) বিকেলে তানোর প্রেসক্লাব কার্যালয়ে ক্লাবের উদ্যোগে আহত বুলবুল মেম্বারের হাতে নগদ অর্থ ও বিভিন্ন খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।জানা গেছে, রাজশাহীর তানোর উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়নের দেওতলা গ্রামের বাসিন্দা বুলবুল মেম্বার একজন পরিচিত সংবাদপত্র বিক্রেতা। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় সংবাদপত্র বিক্রির সঙ্গে যুক্ত থেকে স্থানীয় সংবাদপত্র পাঠক ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছেন। পাশাপাশি তিনি সাবেক ওয়ার্ড সদস্য হিসেবেও এলাকায় পরিচিত। কিছুদিন আগে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর থেকে তিনি শয্যাশায়ী। কর্মক্ষমতা হারিয়ে সাময়িকভাবে আয়-রোজগার বন্ধ হয়ে যাওয়ায় তাঁর পরিবার আর্থিক সংকটে পড়েছে।বিষয়টি জানতে পেরে তানোর প্রেসক্লাবের সভাপতি সাইদ সাজু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সোহেলের নেতৃত্বে প্রেসক্লাব পরিবার তাঁর খোঁজখবর নেয় এবং সহযোগিতার উদ্যোগ গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় চাল, ডাল, তেল, সাবান, আলু, পেঁয়াজ, আটা ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীসহ নগদ অর্থ তাঁর হাতে তুলে দেওয়া হয়।তানোর প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, বুলবুল মেম্বার দীর্ঘদিন ধরে তানোরের সংবাদপত্র ও গণমাধ্যম অঙ্গনের সঙ্গে সম্পৃক্ত। সংবাদপত্র পাঠকের হাতে পৌঁছে দিতে তাঁর দীর্ঘদিনের ভূমিকা রয়েছে। আজ তিনি দুর্ঘটনায় আহত হয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। তাঁর এই দুর্দিনে পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয়, বরং গণমাধ্যম পরিবারের পারস্পরিক সম্পর্ক ও সহমর্মিতারও বহিঃপ্রকাশ। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও তাঁর পাশে দাঁড়ানোর আহ্বান জানান তাঁরা।এ সময় উপস্থিত ছিলেন তানোর প্রেসক্লাবের সভাপতি সাইদ সাজু, সিনিয়র সহ-সভাপতি আশরাফুল ইসলাম রনজু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, কোষাধ্যক্ষ ইমরান হোসাইন ও অফিস সহায়ক সেতাউর রহমান প্রমুখ।প্রেসক্লাবের এমন মানবিক উদ্যোগে আবেগাপ্লুত হয়ে পড়েন আহত বুলবুল মেম্বার ও তাঁর পরিবারের সদস্যরা। তাঁরা তানোর প্রেসক্লাবের নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই সহযোগিতা তাঁদের কঠিন সময়ে অনেকটা স্বস্তি এনে দিয়েছে বলে জানান।স্থানীয় সাংবাদিক মহলের মতে, সংবাদ সংগ্রহ ও প্রকাশের পাশাপাশি মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানোও গণমাধ্যমকর্মীদের সামাজিক দায়বদ্ধতার গুরুত্বপূর্ণ অংশ। তানোর প্রেসক্লাবের এই উদ্যোগ সেই মানবিক দায়িত্ববোধেরই একটি দৃষ্টান্ত।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক।Facebook : Journalist Moon Tanore দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *