🌏Visit to get the latest news👎⏩ www.deshbartabd24.com তানোর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলায় সরকারি অনুদানের গো-খাদ্য চোরাপথে বিক্রির অভিযোগ উঠেছে। তানোর প্রানিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। ইনসেটে চোরাই হওয়া পশু খাদ্য। ছবি : DBbd24. com এ ঘটনায় উপজেলার তালন্দ ইউনিয়নের কালনা আদিবাসী পল্লীর বাসিন্দা ও কথিত পশু চিকিৎসক লক্ষী রামকে বিপুল পরিমাণ গো-খাদ্য নিয়ে যাওয়ার সময় স্থানীয় গ্রামবাসী আটক করেছে বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে প্রাণিসম্পদ বিভাগের বিভিন্ন প্রকল্পের আওতায় বিতরণের জন্য বরাদ্দকৃত গো-খাদ্য সুবিধাভোগীদের না দিয়ে গোপনে বিক্রি করে আসছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সরকারি অনুদানের গো-খাদ্য একটি পরিবহনে করে অন্যত্র নেওয়ার সময় গ্রামবাসীর সন্দেহ হলে তারা খাদ্যগুলো আটকে দেয়। পরে বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। স্থানীয়রা দাবি করেন, প্রকৃত সুবিধাভোগীরা নিয়মিতভাবে সরকারি সহায়তা থেকে বঞ্চিত হলেও অনুদানের খাদ্য রহস্যজনকভাবে বিভিন্ন স্থানে চলে যাচ্ছে। কালনা আদিবাসী পল্লীর বাসিন্দা দুলাল জানান, তিনি সরকারি প্রকল্পের আওতায় গরু পেলেও কখনো গো-খাদ্য পাননি। একাধিকবার বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করা হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে প্রকৃত উপকারভোগীরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে তিনি অভিযোগ করেন। অভিযুক্ত লক্ষী রাম অভিযোগের বিষয়ে বলেন, “অফিসের লোকজন না জানলে এত খাবার আমার বাড়িতে কীভাবে থাকে?” তার এই বক্তব্যকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে নতুন করে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় এলাকাবাসী সরকারি অনুদানের গো-খাদ্য বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে অনিয়ম চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। এ বিষয়ে বক্তব্য জানতে তানোর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে একাধিকবার ফোন করা হলেও তারা ফোন রিসিভ না করায় তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার সত্যতা যাচাই এবং সরকারি সম্পদ আত্মসাতের অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা। স্থানীয়দের মতে, অভিযোগের সুষ্ঠু তদন্ত হলে প্রকৃত চিত্র বেরিয়ে আসবে এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ সম্ভব হবে।# Post navigation তানোরে বিএনপির ধারাবাহিক মতবিনিময় সভা, নেতাকর্মীদের ঐক্যের আহ্বান -মিজানের রাজশাহীতে স্বর্ণকারের দোকানে দুর্ধর্ষ চুরি, লুট ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা