তানোরে জাতীয় যুব দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ,||

যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মমুখী করতে সরকারের নানা উদ্যোগ তুলে ধরলেন ইউএনও নাঈমা খান

মমিনুল ইসলাম মুন,নিজস্ব প্রতিবেদক, রাজশাহী :

রাজশাহীর তানোরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং প্রশিক্ষিত যুবক-যুবতীদের মধ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।

যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মমুখী করতে সরকারের নানা উদ্যোগ তুলে ধরলেন ইউএনও নাঈমা খান।

রোববার (১ নভেম্বর) সকালে তানোর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান। সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আমির হামজা।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় যুব দিবসের তাৎপর্য তুলে ধরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান বলেন, যুবসমাজ দেশের সবচেয়ে বড় সম্ভাবনাময় শক্তি। একটি উন্নত, সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তুলতে তরুণদের মেধা, দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগাতে হবে। শুধু চাকরির পেছনে না ছুটে কারিগরি প্রশিক্ষণ গ্রহণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও ঋণ সহায়তা তরুণদের স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রশিক্ষণ গ্রহণের পর অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে নিজেদের কর্মসংস্থান তৈরির পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। যুবকদের মাদক, বাল্যবিবাহ, সামাজিক অবক্ষয় ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে দেশ গঠনে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

ইউএনও নাঈমা খান বলেন, তরুণ প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া গেলে তারাই দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক পরিবর্তনের অগ্রণী ভূমিকা পালন করতে সক্ষম হবে। এ ক্ষেত্রে সরকারি বিভিন্ন দপ্তরের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সভাপতির বক্তব্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আমির হামজা যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম, আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগ এবং যুব ঋণের সুযোগ-সুবিধা তুলে ধরেন। তিনি যুবকদের প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষতা অর্জন এবং ঋণ সহায়তা যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রশিক্ষিত ও আত্মকর্মসংস্থানে আগ্রহী যুবকদের মধ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়। ঋণের অর্থ কাজে লাগিয়ে নতুন উদ্যোক্তা তৈরি, ক্ষুদ্র ব্যবসা সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টির প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।

এ সময় উপস্থিত ছিলেন তানোর পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্লা, তানোর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, জামায়াতে ইসলামীর তানোর পৌরসভার মেয়র পদপ্রার্থীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণার্থী, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের অংশগ্রহণ নিশ্চিত করতে হলে তাদের কর্মমুখী শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ, উদ্যোক্তা তৈরির সুযোগ এবং সহজ শর্তে ঋণ সহায়তা বাড়াতে হবে। জাতীয় যুব দিবসের কর্মসূচি তরুণদের মধ্যে আত্মবিশ্বাস, দায়িত্ববোধ ও দেশপ্রেম জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আলোচনা সভা শেষে যুবকদের হাতে ঋণের চেক তুলে দেওয়া হয়। যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করার প্রত্যয় নিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক।Facebook : Journalist Moon Tanore দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed