পুলিশ সুপারের দিকনির্দেশনায় ও ওসির সার্বিক তত্ত্বাবধানে অভিযান: ঢাকার রমনা থেকে রুমিয়া হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

👨‍💼মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার রাজশাহী :

রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলোচিত রুমিয়া বেগম হত্যা মামলার প্রধান আসামি রেন্টু (৫২) ও তাঁর ছেলে বিদ্যুৎকে (২৮) ঢাকার রমনা এলাকা থেকে গ্রেপ্তার করেছে বাঘা থানা পুলিশ।

রাজশাহী জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং বাঘা থানার অফিসার ইনচার্জের (ওসি) সার্বিক তত্ত্বাবধানে মামলার তদন্ত কর্মকর্তা এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে এসআই জামাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে ঢাকার রমনা থানাধীন আদ্-দ্বীন হাসপাতালের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাই রেন্টু ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে বড় ভাই কামাল এবং তাঁর স্ত্রী রুমিয়া বেগমের বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন সকালে কথা-কাটাকাটির একপর্যায়ে রেন্টু, তাঁর ছেলে বিদ্যুৎ ও বিউটি বেগমের বিরুদ্ধে কামাল ও তাঁর স্ত্রী রুমিয়াকে মারধরের অভিযোগ ওঠে। এতে গুরুতর আহত হন রুমিয়া। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বড় ছেলের অভিযোগের পরিপ্রেক্ষিতে বাঘা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। মামলার তদন্তের ধারাবাহিকতায় অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, এ মামলার অপর আসামি বিউটি বেগমকে ইতিপূর্বেই গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। সর্বশেষ গ্রেপ্তার হওয়া রেন্টু ও বিদ্যুৎকেও শনিবার (৩১ অক্টোবর ২০২৬) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বাঘা থানা পুলিশের পক্ষ থেকে অপরাধ দমনে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সম্মানিত বাঘাবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক।Facebook : Journalist Moon Tanore দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *