রাজশাহীতে মবতন্ত্র-অরাজকতা বরদাস্ত নয়: ভূমিমন্ত্রী,,,

রামেবি ভিসিকে পদত্যাগে বাধ্যকারীদের আইনের আওতায় আনার নির্দেশ

👨‍💼 মমিনুল ইসলাম মুন, নিজস্ব প্রতিবেদক, রাজশাহী :

রাজশাহীতে মবতন্ত্র ও অরাজকতা কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক মোহা. জাওয়াদুল হককে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে ভূমিমন্ত্রী তাঁর পাশে থাকার আশ্বাস দেন। এ সময় তিনি ঘটনার বিষয়ে খোঁজখবর নেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে বৃহস্পতিবার প্রশাসনের উপস্থিতিতে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের তালা খুলে দেওয়া হয়। পরে বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে উপাচার্য অধ্যাপক মোহা. জাওয়াদুল হককে তাঁর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটও উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

জানা যায়, গত ৬ অক্টোবর রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে উপাচার্যের কার্যালয়ে একদল ব্যক্তি প্রবেশ করে তাঁকে পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য করেন বলে অভিযোগ ওঠে। ওই সময় উপাচার্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে অনলাইন বৈঠকে ছিলেন। পরে তাঁর কার্যালয়ে প্রবেশ করে তাঁকে বিভিন্ন অভিযোগে পদত্যাগ করতে চাপ দেওয়া হয় এবং একপর্যায়ে আগে থেকে প্রস্তুত করা পদত্যাগপত্রে স্বাক্ষর নেওয়া হয় বলে অভিযোগ করেন সংশ্লিষ্টরা।

ঘটনার পর উপাচার্যের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়। একই সঙ্গে কার্যালয়ের কম্পিউটার ও সিসিটিভি সংক্রান্ত সরঞ্জাম সরিয়ে নেওয়া এবং বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগও ওঠে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পিএস ও সেকশন অফিসার নাজমুল হোসাইন বাদী হয়ে রাজপাড়া থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে বলে পুলিশ ও বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

মামলার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ভিডিও ফুটেজসহ বিভিন্ন তথ্য যাচাই করা হচ্ছে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও চিকিৎসকদের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। তারা উপাচার্যকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর ঘটনার তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বৃহস্পতিবার প্রশাসনের উদ্যোগে উপাচার্যের কার্যালয়ের তালা খুলে দেওয়ার মধ্য দিয়ে পরিস্থিতির নতুন মোড় নেয়। পরে উপাচার্যকে তাঁর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জোরপূর্বক প্রবেশ, কর্মকর্তা-কর্মচারীকে ভয়ভীতি দেখানো কিংবা পদত্যাগে বাধ্য করার অভিযোগ থাকলে তা তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া জরুরি। রামেবির সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজশাহীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক শৃঙ্খলা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

ভূমিমন্ত্রীর নির্দেশনার পর এখন মামলার তদন্ত, অভিযুক্তদের শনাক্তকরণ এবং বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম নিশ্চিত করার বিষয়টিই গুরুত্ব পাচ্ছে

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *