ডেঙ্গু প্রতিরোধে জয়পুরহাটে জামায়াতের পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান

মোঃ রেজুওয়ান আহমেদ, ​জয়পুরহাট প্রতিনিধি:

ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে জয়পুরহাট শহরে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জামায়াতে ইসলামী। সোমবার সকাল ৭টায় জয়পুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাহেবপাড়া মোড় থেকে শহর জামায়াতের উদ্যোগে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।

​অভিযানকালে নেতাকর্মী ও স্বেচ্ছাসেবীরা মশার প্রজননক্ষেত্র হিসেবে চিহ্নিত সম্ভাব্য স্থানগুলো পরিষ্কার করেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। আয়োজক নেতৃবৃন্দ উল্লেখ করেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে কেবল সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে নাগরিকদেরও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা রাখতে হবে।

 বাসাবাড়ির আঙিনা, আশপাশের এলাকা ও নালা-নর্দমা নিয়মিত পরিষ্কার রাখা এবং কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে নাগরিকদের সজাগ থাকার পরামর্শ দেওয়া হয়।​কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও মেয়র পদপ্রার্থী হাসিবুল আলম, ভাদসা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী প্রকৌশলী আব্দুল বাতেন, শহর জামায়াতের আমীর মাওলানা ছাইদুর রহমান, সেক্রেটারি মিজানুর রহমান এবং পেশাজীবী শাখার আমীর মাওলানা আব্দুর রহিম। এতে স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সর্বস্তরের মানুষ অংশ নেন।

​আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে জয়পুরহাট পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে এ পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে। ডেঙ্গুমুক্ত শহর গড়তে সাধারণ নাগরিকদেরও এই সামাজিক উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

 

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed