দক্ষ জনশক্তিই উৎপাদনশীলতা বাড়ানোর মূল চাবিকাঠি: রাজশাহীর ডিসি কাজী শহিদুল ইসলাম মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিনিধি,রাজশাহী : প্রযুক্তি, উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ের মাধ্যমে দেশের বিপুল জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করা সম্ভব হলে অর্থনৈতিক প্রবৃদ্ধি বহুগুণ বাড়ানো সম্ভব বলে মন্তব্য করেছেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। তিনি বলেন, শুধু শিল্পকারখানায় উৎপাদন বাড়ানোই উৎপাদনশীলতা নয়; কম সময়ে মানসম্মত সেবা নিশ্চিত করা, সম্পদের অপচয় রোধ এবং দক্ষ জনশক্তি গড়ে তোলাও উৎপাদনশীলতা বৃদ্ধির গুরুত্বপূর্ণ অংশ। শুক্রবার (২ অক্টোবর) বেলা ১১টায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’ প্রতিপাদ্যে রাজশাহী জেলা প্রশাসনের সহযোগিতায় সভাটির আয়োজন করা হয়। জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, দেশের অদক্ষ শ্রমশক্তিকে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে বিদেশে পাঠাতে পারলে বর্তমানের তুলনায় কয়েক গুণ বেশি রেমিট্যান্স অর্জন করা সম্ভব। এজন্য কর্মমুখী ও প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে। তিনি আরও বলেন, বর্তমান বিশ্ব দ্রুত প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশনসহ আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে তরুণদের দক্ষ করে গড়ে তুলতে হবে। শুধু চাকরির পেছনে না ছুটে নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরি করতে হবে। দক্ষতা ও উদ্ভাবনী চিন্তাকে কাজে লাগাতে পারলে তরুণরাই দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হয়ে উঠতে পারেন। রাজশাহীর সম্ভাবনার কথা তুলে ধরে জেলা প্রশাসক বলেন, এ অঞ্চলের আম ও মৎস্যসম্পদকে কেন্দ্র করে খাদ্য প্রক্রিয়াজাত শিল্প গড়ে তোলার ব্যাপক সুযোগ রয়েছে। এসব খাতে বিনিয়োগ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো গেলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। একই সঙ্গে প্রক্রিয়াজাত কৃষিপণ্য বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগও তৈরি হবে। তিনি বলেন, রাজশাহীর হাইটেক পার্ক ও পর্যটন খাতের সম্ভাবনাকেও কাজে লাগাতে হবে। এসব খাতে তরুণদের প্রশিক্ষিত করে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারলে কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও গতি আসবে। সভায় রাজশাহী বিসিক জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক মো. আব্দুর রাজ্জাক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এতে উৎপাদনশীলতা বৃদ্ধিতে প্রযুক্তির ব্যবহার, দক্ষতা উন্নয়ন, উদ্ভাবনী উদ্যোগ এবং শিল্প খাতের আধুনিকায়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়। সভায় সভাপতিত্ব করেন বিসিকের উপমহাব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম। এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিসিকের কর্মকর্তা, শিল্পোদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। Post navigation গোগা সীমান্ত এলাকায় ৬৯ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ সদর থানার এসআই মোতালেবের বিরুদ্ধে ৬০ হাজার টাকা ঘুষ নিয়ে দুইজনকে ছেড়ে দেওয়ার অভিযোগ