কম খরচে পোকা দমনে কালাইয়ে কৃষকদের পরামর্শ মোঃ রেজুওয়ান আহমেদ জয়পুরহাট জেলা প্রতিনিধি : ফসলের উৎপাদন খরচ কমাতে এবং ক্ষতিকর পোকা দমনে জয়পুরহাটের কালাই উপজেলায় কৃষকদের নিয়ে বিশেষ মাঠ সভা অনুষ্ঠিত হয়েছে । কালাই উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত এ সভায় কৃষকদের সহজ ও কার্যকর পদ্ধতিতে পোকা দমনের বিভিন্ন কৌশল শেখানো হয় । সভায় জানানো হয়, জমিতে আলোক ফাঁদ পেতে কিংবা গাছের নিচে গামলা রেখে ঝাঁকি দিয়ে সহজেই ক্ষতিকর পোকা চেনা যায় এবং ইন্টারনেটে ছবি মিলিয়ে সঠিক সমাধান নেওয়া সম্ভব । দোকানদারের কথায় অপ্রয়োজনীয় কীটনাশক না দিয়ে পোকা অনুযায়ী সঠিক ওষুধ ব্যবহার করলে চাষিদের বাড়তি খরচ অনেকটাই সাশ্রয় হয় । এছাড়া কড়া রোদে স্প্রে না করে সকাল ৮টার আগে বা বিকেলে ঠান্ডা আবহাওয়ায় ওষুধ প্রয়োগ করলে তা গাছে পুরোপুরি কাজ করে । ওষুধের সাথে সামান্য শ্যাম্পু বা আঠা মিশিয়ে নিলে বৃষ্টিতেও তা ধুয়ে যায় না এবং প্রতি বিঘায় কমপক্ষে ৩ থেকে ৪ ঢোল স্প্রে করলে পোকা পুরোপুরি দূর হয় । মাঠ সভায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা শিমুল কৃষকদের বিভিন্ন দিকনির্দেশনা দেন । যেকোনো কৃষি সমস্যায় কৃষকদের ইউনিয়ন পরিষদ বা উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করে বিনামূল্যে পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে । Post navigation জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় হামিদুলের যাবজ্জীবন কালাইয়ে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ সঠিক নয়