বেনাপোলে শিক্ষার্থীদের হাতে খেলাধুলা সামগ্রি তুলে দিলেন মেয়র পদপ্রার্থী -ইমদাদুল হক ইমদাদ জাকির হোসেন, বেনাপোল (শার্শা) প্রতিনিধি: যশোরের বেনাপোলে মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী হিসেবে জার্সি ও বুটজুতা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বিদ্যালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এসব সামগ্রী তুলে দেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে জার্সি ও বুটজুতা তুলে দেওয়ার সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ উপস্থিত অতিথিরা তাদের উৎসাহ দেন। এ সময় ইমদাদুল হক ইমদাদ বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদানের মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা, সংস্কৃতি ও অন্যান্য সৃজনশীল কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত করার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। একটি শিক্ষার্থীর সার্বিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলারও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শুধু শারীরিকভাবে সুস্থ রাখে না, বরং তাদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, দলগতভাবে কাজ করার মানসিকতা ও আত্মবিশ্বাস গড়ে তুলতে সহায়তা করে। তাই শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা প্রয়োজন। তিনি আরও বলেন, ভবিষ্যতেও শিক্ষার্থীদের শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে উৎসাহিত করতে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা থাকবে। অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইনতাজুর রহমান, সাবেক প্রধান শিক্ষক রমজান আলীসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বেনাপোল পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা জার্সি ও বুটজুতা পেয়ে আনন্দ প্রকাশ করে এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানায়। Post navigation রূপগঞ্জে চাঞ্চল্যকর ডাকাতির মালামাল উদ্ধার: ধারালো অস্ত্রসহ গ্রেফতার ৫ জন ভাঙ্গুড়ায় মাদরাসা শিক্ষার্থীদের আমপারা সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত