রূপগঞ্জে চাঞ্চল্যকর ডাকাতির মালামাল উদ্ধার: ধারালো অস্ত্রসহ গ্রেফতার ৫ জন

মোহাম্মদ নূর, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির ঘটনায় লুট হওয়া সোয়া ছয় ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপভ্যান ও দেশীয় অস্ত্রশস্ত্র জব্দ করা হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া গ্রামের কাজীপাড়া এলাকায় জমি ব্যবসায়ী আবুল হোসেনের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নরসিংদীর মাধবদী এলাকার মো. তামজিদ মিয়া (২২), মো. শাহিন মিয়া (৩১), মো. শামিম মিয়া (২৬), হৃদয় দাস (২০) এবং কুমিল্লার হোমনা এলাকার মো. শরিফ মিয়া (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে মুখোশ পরিহিত ১২ থেকে ১৩ জনের একটি দল পিস্তল, রামদা, চাইনিজ কুড়াল, লোহার রড ও এসএস পাইপসহ বিভিন্ন অস্ত্র নিয়ে আবুল হোসেনের বাড়িতে হামলা চালায়। তারা কলাপসিবল গেট ও বসতঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে।

এ সময় ব্যবসায়ী আবুল হোসেন (৬৫), তাঁর স্ত্রী রানী বেগম (৫৮) ও ছেলে আল-আমিনকে (৩৫) মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করা হয়। পরে তাঁদের হাত-পা ও মুখ বেঁধে বাড়িতে লুটপাট চালায় ডাকাতরা।

একপর্যায়ে নগরপাড়া জামে মসজিদের মাইকে ডাকাতির বিষয়টি জানানো হলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। তখন ডাকাতরা প্রায় ১৭ ভরি স্বর্ণালংকার, জমির বায়নার ৩ লাখ ৫০ হাজার টাকা এবং অন্যান্য মালামালসহ মোট ৪০ লাখ টাকার বেশি মালামাল নিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে একটি কালো মাইক্রোবাস ও একটি পিকআপভ্যানে করে নরসিংদীর দিকে পালিয়ে যায় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান ও তল্লাশি চালায়। পরে সকালে ভুলতা পুলিশ ফাঁড়ি এলাকায় পাঁচজনকে ডাকাত সন্দেহে স্থানীয়রা আটক করে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের হেফাজতে নেয়। এ সময় তাঁদের কাছ থেকে আবুল হোসেনের বাড়ি থেকে লুট হওয়া সোয়া ছয় ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপভ্যান, ধারালো অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

এ ঘটনায় আবুল হোসেনের ছেলে আল জাবের রানা বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা করেছেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতির ঘটনায় লুট হওয়া সোয়া ছয় ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে এবং পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। লুট হওয়া অন্যান্য মালামাল উদ্ধার ও জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। #

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed