তানোরে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ, সাংবাদিক মহলে উদ্বেগ

 তানোর (রাজশাহী )প্রতিনিধি :

রাজশাহীর তানোরে সংবাদ প্রকাশের জেরে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের (টিএসসি) সভাপতি ও জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সোহানুল হক পারভেজকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।

ভুক্তভোগী সাংবাদিকের দাবি, গত ১৭ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে তানোর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত মিন্টু এবং তানোর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচিত শরীয়তুল্লাহ তাকে মুঠোফোনে কল করেন। এ সময় তাকে অকথ্য ভাষায় গালিগালাজের পাশাপাশি যেখানে পাওয়া যাবে সেখানেই প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তিনি।

সোহানুল হক পারভেজ জানান, একটি অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশের জের ধরে তাকে এ হুমকি দেওয়া হয়েছে। ঘটনার পর নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে তিনি তানোর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

এ ঘটনায় সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সাংবাদিক নেতারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এদিকে স্থানীয় পর্যায়ে আরও অভিযোগ উঠেছে, মিন্টু বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীর নাম ব্যবহার করে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করে আসছেন। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যও এ প্রতিবেদনে পাওয়া যায়নি।

স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী অভিযোগের বিষয়ে তদন্ত করে সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তবে দলীয়ভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

সাংবাদিক সোহানুল হক পারভেজ বলেন, ‘সংবাদ প্রকাশের কারণে আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সাংবাদিককে প্রকাশ্যে প্রাণনাশের হুমকির অভিযোগের ঘটনায় পেশাগত দায়িত্ব পালনের নিরাপত্তা নিয়েও স্থানীয় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন তারা।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *