​কালাইয়ে বিএনপির সমাবেশ: সকল ভেদাভেদ ভোলার আহ্বান

রেজুওয়ান আহমেদ ​, জয়পুরহাট জেলা প্রতিনিধি:

জয়পুরহাটের কালাই উপজেলার ১ নং মাত্রাই ইউনিয়নে তৃনমূল বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর ঐক্যবদ্ধ অংশগ্রহণে এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১ নং মাত্রাই ইউনিয়ন বিএনপি’র সার্বিক তত্ত্বাবধানে ১ নং ওয়ার্ড বিএনপি এ সমাবেশের আয়োজন করে।

​মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) বেলা ১১ টায় ছিলিমপুর জি. এম দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং মাত্রাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, মাত্রাই ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও কালাই উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য জনাব মোঃ জাহিদুল ইসলাম জাহিদ।

​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমাদের ১ নং মাত্রাই ইউনিয়ন দীর্ঘদিন ধরে উন্নয়নবঞ্চিত ও চরম অবহেলিত। বিগত সরকারের অপশাসনের আমলে আমাদের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। মিথ্যা মামলা, হামলা আর রাজনৈতিক নির্যাতনের শিকার হয়ে দিনের পর দিন আমাদের তৃনমূল নেতা-কর্মীদের বাড়িঘর ছেড়ে ফেরারি জীবনযাপন করতে হয়েছে। তবে অমানুষিক নির্যাতন চালিয়েও বিএনপির কোনো নেতা-কর্মীকে রাজপথ থেকে দমানো যায়নি।”

​ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে তিনি আরও বলেন, “দল যদি আমাকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ দেয়, তবে শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসাসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। বিশেষ করে যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মাত্রাই ইউনিয়নকে সম্পূর্ণ ‘মাদকমুক্ত আদর্শ ইউনিয়ন’ হিসেবে গড়ে তোলাই হবে আমার মূল অঙ্গীকার। এজন্য এখন আমাদের প্রধান কাজ—সব ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে এক হয়ে কাজ করা।”

​সমাবেশে সভাপতির বক্তব্যে মাত্রাই ইউনিয়ন বিএনপি নেতা জনাব মোঃ সুজাউল ইসলাম মন্ডল দলের আগামী দিনের সকল আন্দোলন-সংগ্রামে কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। ​১ নং ওয়ার্ডবাসী ও মাত্রাই ইউনিয়ন পরিষদের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের জন্য খাবারের সুব্যবস্থা করা হয়।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *