রাজশাহীতে নাগরিকদের গোপন তথ্য সংগ্রহ ও সরবরাহের অভিযোগে যুবক গ্রেপ্তার

মমিনুল ইসলাম মুন, নিজস্ব প্রতিনিধি, রাজশাহী:

রাজশাহী মহানগরীতে নাগরিকদের গোপন ও ব্যক্তিগত তথ্য অবৈধভাবে সংগ্রহ এবং বিভিন্ন ব্যক্তির কাছে সরবরাহের অভিযোগে মো. সেতু হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫-এর সিপিএসসি ও সিপিসি-৩, জয়পুরহাটের যৌথ দল।

র‍্যাব-৫ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ১৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ৫টার দিকে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন মহিষবাথান এলাকার বড় দীঘির পাড়ে অভিযান চালিয়ে সেতু হোসেনকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তি মোবাইল ব্যাংকিং ব্যবহার করে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে বাংলাদেশ নির্বাচন কমিশন ও বাংলাদেশ পুলিশের সিডিএমএস সার্ভারে অবৈধভাবে প্রবেশ করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও অপরাধ-সংক্রান্ত তথ্য সংগ্রহ করতেন বলে অভিযোগ রয়েছে। এসব তথ্য ব্যবহার করে নিজের ও অন্যদের ব্যক্তিগত সুবিধা অর্জনের পাশাপাশি বিকাশ/নগদসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে অবৈধভাবে অর্থ উপার্জন এবং তথ্য-উপাত্ত সংগ্রহ ও হস্তান্তর করতেন বলে জানায় র‍্যাব।

এ ছাড়া নাগরিকদের গোপন তথ্য অর্থের বিনিময়ে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‍্যাব জানিয়েছে।

অভিযানকালে গ্রেপ্তার সেতু হোসেনের কাছ থেকে সাইবার অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট ছয়টি সিপিইউ, চারটি ল্যাপটপ, ১০টি মোবাইল ফোন এবং ৩১টি সিমকার্ড জব্দ করা হয়।

র‍্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৫ জানিয়েছে, সন্ত্রাস, সংঘবদ্ধ অপরাধ, মাদক, অস্ত্র, ছিনতাইসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। নাগরিকদের ব্যক্তিগত ও গোপন তথ্যের সুরক্ষা এবং সাইবার অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *