পাঁচবিবিতে সরকারি গাছ চুরি, তিনজনের কারাদণ্ড-জরিমানা

জয়পুরহাট জেলা প্রতিনিধি :

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় সরকারি গাছ অবৈধভাবে কাটার অভিযোগে তিনজনকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের কেশবপুর গ্রামের লাল ব্রিজ এলাকায় সড়কের পাশ থেকে গাছ কাটার এই ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালান পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাশফিয়া তাসরিন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত তিনজনকে দোষী সাব্যস্ত করেন তিনি।

আদালত সূত্র জানায়, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১১ ধারায় তিনজনকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানাও করা হয়। জরিমানার টাকা পরিশোধ না করলে অতিরিক্ত এক দিন কারাভোগ করতে হবে তাদের।

দণ্ডপ্রাপ্তরা হলেন রামনগর (আয়মারসুলপুর) গ্রামের মৃত শফির উদ্দিনের ছেলে মো. আলম (৫০), ছোটমানিক গ্রামের মৃত নবীন উদ্দিনের ছেলে মো. আমিনুল ইসলাম (৫২) এবং রামনগর গ্রামের হবিবরের ছেলে আব্দুল মতিম।

এ বিষয়ে নির্বাহী কর্মকর্তা কাশফিয়া তাসরিন জানান, সরকারি সম্পদ রক্ষায় প্রশাসনের এই ধরনের অভিযান চলমান থাকবে। ভবিষ্যতে কেউ সরকারি গাছ বা অন্য কোনো সরকারি সম্পদ অবৈধভাবে দখল বা ক্ষতিসাধনের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *