লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুরে একটি পার্কে ঘুরতে আসা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত দুই বিদেশি নাগরিকের পথরোধ করে অশোভন আচরণ ও ভিডিও ধারণের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

জানা গেছে, সম্প্রতি পার্কের পিকনিক স্পট সংলগ্ন এলাকায় ঘুরতে আসেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত দুই বিদেশি নাগরিক। এ সময় ১০ থেকে ১৫ জন টিকটকার তাঁদের পথরোধ করে বিভিন্ন ধরনের অশ্লীল ভাষা ব্যবহার করেন এবং ভিডিও ধারণ করেন বলে অভিযোগ ওঠে।

বিষয়টি জানতে পেরে পার্কের ম্যানেজার এস এম ওয়াজেদুর রহমানসহ অন্যান্য কর্মচারীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করেন। পরে বিকেল ৫টার দিকে বিদেশি নাগরিকরা তাঁদের অনুষ্ঠান শেষে পার্ক ত্যাগ করেন।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় পার্কের ম্যানেজার এস এম ওয়াজেদুর রহমান বাদী হয়ে লালপুর থানায় একটি মামলা দায়ের করেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, মামলাটি দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩৮৫ ও ৫০০ ধারাসহ সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় দায়ের করা হয়েছে। তিনি বলেন, “মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।”

পুলিশ জানায়, বিদেশি নাগরিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *