মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিনিধি :

রাজশাহী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম বাঘা উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেছেন।

মঙ্গলবার দিনব্যাপী এ পরিদর্শনকালে তিনি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও সুধীজনের সঙ্গে মতবিনিময় করেন এবং সরকারি সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক সরকারের পরিবেশবান্ধব কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নেন। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বাঘা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের সঙ্গে নিয়ে তিনি ২৫০টি বৃক্ষরোপণ করেন।

এ সময় উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা হয়। ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়। পাশাপাশি নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৩৩ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

জেলা প্রশাসক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝেও বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করেন। এছাড়া উপজেলার চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করে কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনের অংশ হিসেবে তিনি বলিহার গুচ্ছগ্রাম পরিদর্শন করেন এবং সেখানে বসবাসরত উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন। তাদের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা ও জীবনমান উন্নয়নের বিষয়গুলো সম্পর্কে অবহিত হয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

জেলা প্রশাসক বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সুফল সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছে দিতে প্রশাসন নিরলসভাবে কাজ করছে। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ, শিক্ষা বিস্তার, নারীর ক্ষমতায়ন এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে।

 

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *