তানোরে গৃহবধূর মৃত্যু নিয়ে ধোঁয়াশা, ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ

বিশেষ প্রতিনিধি :

রাজশাহীর তানোরে হাসিনা বিবি (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার কামারগাঁ ইউনিয়নের দমদমা গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তানোর থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

নিহত হাসিনা বিবি দমদমা গ্রামের রাজমিস্ত্রি সাজ্জাদ হোসেন সাজুর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার সকালে রাজমিস্ত্রির কাজে বাড়ি থেকে বের হন সাজ্জাদ হোসেন সাজু। কাজের ফাঁকে প্রয়োজনীয় একটি জিনিস নিতে বাড়িতে ফিরে তিনি স্ত্রীকে বাড়ির বারান্দায় অচেতন অবস্থায় দেখতে পান। তার চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয়রা এগিয়ে আসেন। পরে খবর পেয়ে তানোর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান জানান, গৃহবধূর মৃত্যুর ঘটনায় অপমৃত্যু মামলা করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এদিকে গৃহবধূর এমন মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তবে মৃত্যুর পেছনে কোনো কারণ বা অন্য কোনো ঘটনা ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#

Dbd m 8.8.2026

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *