শিবু দাসের নেতৃত্বে পুঠিয়ায় মাদকবিরোধী অভিযান, ৩ জনের কারাদণ্ড 👨💼 মমিনুল ইসলাম মুন, নিজস্ব প্রতিনিধি রাজশাহী : মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে পুঠিয়া উপজেলা প্রশাসন। মাদক বিক্রি ও সেবনের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এবার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাসের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে এক মাদক ব্যবসায়ী ও দুই মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পুঠিয়া উপজেলার ধোপাপাড়া, শিবপুর হাট ও মোহনপুর এলাকায় বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস। অভিযানের মূল লক্ষ্য ছিল মাদক বিক্রেতা ও মাদকসেবীদের শনাক্ত করা, তাদের আইনের আওতায় আনা এবং সংশ্লিষ্ট এলাকায় মাদকের বিস্তার রোধ করা। অভিযানের সময় মাদক সংশ্লিষ্টতার অভিযোগে তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—মোহনপুর এলাকার খোরশেদ আলমের ছেলে জাহাংগীর আলম, ধোপাপাড়া এলাকার মৃত ইয়াছিনের ছেলে লিটন শেখ এবং শিবপুর হাট এলাকার সোলেমান খানের ছেলে সেলিম রেজা রবি। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। আদালত জাহাংগীর আলমকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং লিটন শেখ ও সেলিম রেজা রবিকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই সঙ্গে তাদের অর্থদণ্ডও দেওয়া হয়। মাদকের বিরুদ্ধে শিবু দাসের কঠোর অবস্থান পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাসের সরাসরি নেতৃত্বে নিয়মিত অভিযান পরিচালিত হওয়ায় স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে মাদক বিক্রি ও সেবনের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। স্থানীয়দের মতে, মাদক নিয়ন্ত্রণে শুধু অভিযান পরিচালনা করলেই হবে না, মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি মাদকসেবীদের পুনর্বাসন ও সামাজিকভাবে সচেতন করার উদ্যোগও প্রয়োজন। এ ক্ষেত্রে উপজেলা প্রশাসনের ধারাবাহিক অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুঠিয়া উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। যুবসমাজ ও সামাজিক শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারী মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। অভিযোগ ও তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাদকের বিস্তার রোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদকের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করতে স্থানীয় প্রশাসনের এমন কঠোর তৎপরতা অব্যাহত থাকলে মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন সচেতন মহল। Post navigation নিয়ামতপুরে কাব ক্যাম্পুরীতে স্কাউটদেের দক্ষ, সুনাগরিক ও দায়িত্বশীল হওয়ার প্রত্যয় তানোরে গৃহবধূর মৃত্যু নিয়ে ধোঁয়াশা, ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ