মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিনিধি :

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মঙ্গলবার রাজশাহীর ঐতিহাসিক পুঠিয়া রাজবাড়ী পরিদর্শন করেছেন।

সফরকালে তিনি রাজবাড়ী কমপ্লেক্সের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখেন এবং রাজশাহীর ঐতিহ্যবাহী খাবার কালাই রুটির প্রশংসা করেন।

মঙ্গলবার (১৬ জুন) দুপুর সোয়া ২টার দিকে পুঠিয়া রাজবাড়ীতে পৌঁছান রাষ্ট্রদূত। এ সময় তিনি রাজবাড়ী জাদুঘর, রানীরঘাট, গোবিন্দ মন্দির, আন্নিক মন্দির, শিবমন্দিরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি রাজবাড়ীর ঐতিহাসিক গুরুত্ব ও স্থাপত্যশৈলী সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, পুঠিয়া রাজবাড়ী বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। তিনি রাজবাড়ী কমপ্লেক্সের সংরক্ষণ ও উন্নয়নের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন। ভবিষ্যতে এর উন্নয়ন কার্যক্রমে সহযোগিতার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন তিনি।

সফরের অংশ হিসেবে রাষ্ট্রদূত স্থানীয় একটি রেস্তোরাঁয় মধ্যাহ্নভোজে অংশ নেন। সেখানে তিনি রাজশাহীর ঐতিহ্যবাহী কালাই রুটি, রাজহাঁসের মাংস ও বেগুন ভর্তা উপভোগ করেন।

খাওয়াদাওয়া শেষে সাংবাদিকদের তিনি বলেন, “কালাই রুটি, হাঁসের মাংস ও বেগুন ভর্তার স্বাদ অসাধারণ। রাজশাহীর ঐতিহ্যবাহী এই খাবার আমার খুবই ভালো লেগেছে।”

রাষ্ট্রদূতের আগমনের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। পুঠিয়া রাজবাড়ী ও পরে কালাই হাউজ এলাকায় তাঁকে দেখতে উৎসুক মানুষের ভিড় জমে। সফরকালে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় এবং মার্কিন দূতাবাসের কর্মকর্তারাও তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।

এ সময় রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান, পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম, হাইওয়ে পুলিশের ওসি মোজাম্মেল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয়দের মতে, রাজশাহীর ঐতিহ্যবাহী কালাই রুটি ও পুঠিয়া রাজবাড়ীর ঐতিহাসিক গুরুত্ব বিদেশি কূটনীতিকদেরও আকৃষ্ট করছে। মার্কিন রাষ্ট্রদূতের এই সফর রাজশাহীর ঐতিহ্য ও পর্যটন সম্ভাবনাকে নতুনভাবে তুলে ধরেছে।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *