মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিনিধি :

রাজশাহীর পুঠিয়া উপজেলায় মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) উপজেলার শিবপুর হাট ও খুঁটিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস। অভিযানকালে মাদকসেবন ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আটককৃতদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস বলেন, “মাদক ও অনলাইন জুয়া যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং সামাজিক শান্তি-শৃঙ্খলার জন্য বড় হুমকি হয়ে উঠেছে। মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও আরও কঠোরভাবে চলবে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, “মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও সচেতন হতে হবে। সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা পেলে এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণ করা আরও সহজ হবে।”

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে মাদক, জুয়া ও অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *