দেশবার্তা বিডি ২৪. কম ডেস্ক: রাজধানীর আদাবর এলাকায় ছিনতাইকারীদের ধরতে অভিযান চালাতে গিয়ে চাপাতির আঘাতে আহত হয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও এক উপ-পরিদর্শক (এসআই)। এ সময় আত্মরক্ষার্থে পুলিশের ছোড়া গুলিতে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থল থেকে মোট চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে আদাবরের ডেল্টা গার্মেন্টসের পেছনে ছিনতাইকারীদের একটি আস্তানায় অভিযান চালানোর সময় এ ঘটনা ঘটে। আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, সকালে আদাবর এলাকায় চাপাতি ঠেকিয়ে এক বিকাশ ব্যবসায়ীর দোকানে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই ঘটনার সূত্র ধরে দুপুরে পুলিশের একটি দল অভিযানে গেলে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তিনি এবং এসআই তরুণ আহত হন। তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালালে রুবেল ও আমির নামে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়। এ ছাড়া কাশেম ও মো. জয় নামে আরও দুইজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আদাবরের ৭ নম্বর সড়কে এক বিকাশ ব্যবসায়ীর দোকানে হামলা চালিয়ে প্রায় তিন লাখ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। ভুক্তভোগী শফিকুল ইসলামের স্বজন মো. মুসলিম জানান, শফিকুল নগদ তিন লাখ টাকা নিয়ে দোকানে এসে বসার কিছুক্ষণ পর ৪ থেকে ৫ জন যুবক চাপাতি হাতে দোকানে প্রবেশ করে। তারা শফিকুলের ডান হাতে কোপ দিয়ে নগদ টাকা ও বিকাশ লেনদেনের জন্য ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, ‘কবজি কাটা’ নামে পরিচিত একটি কিশোর গ্যাং দীর্ঘদিন ধরে আদাবর, শ্যামলী হাউজিং, তুরাগ হাউজিং, ঢাকা উদ্যান, নবীনগর ও চন্দ্রিমা হাউজিংসহ আশপাশের বিভিন্ন এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও দখলবাজির সঙ্গে জড়িত। তবে এ বিষয়ে পুলিশ তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানাবে বলে জানিয়েছে। Post navigation পরীমণি-সাকলায়েন সম্পর্কের জের, পাঁচ বছর পর চাকরি হারাচ্ছেন আলোচিত পুলিশ কর্মকর্তা দুবাইয়ে আটক বেনজীরকে দেশে ফেরাতে দুবাইয়ে পৌঁছেছে বাংলাদেশি প্রতিনিধি দল, আইনি প্রক্রিয়া