রাজশাহীতে ক্যাডেট এসআই পদে নির্বাচিতদের প্রশিক্ষণ-পূর্ব ব্রিফিং

মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিনিধি, রাজশাহী:

ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগের লক্ষ্যে নির্বাচিত প্রার্থীদের ছয় মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণের আগে প্রশিক্ষণ-পূর্ব ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১১টায় রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ের ‘পদ্মা’ সম্মেলন কক্ষে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে নির্বাচিত প্রার্থীদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে স্বাগত জানান রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) খন্দকার মো. শামীম হোসেন।

ব্রিফিংয়ে অতিরিক্ত ডিআইজি প্রশিক্ষণকালীন সময়ে শৃঙ্খলা ও নিয়ম-কানুন যথাযথভাবে মেনে চলার পাশাপাশি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজেকে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। জনগণের প্রত্যাশা পূরণে দক্ষ, মানবিক ও পেশাদার পুলিশ কর্মকর্তা হিসেবে নিজেদের প্রস্তুত করার জন্য নির্বাচিতদের বিভিন্ন দিকনির্দেশনাও দেন তিনি।

খন্দকার মো. শামীম হোসেন বলেন, একজন পুলিশ কর্মকর্তার পেশাগত জীবনের ভিত্তি তৈরিতে মৌলিক প্রশিক্ষণের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণকালীন সময়ে শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আইনগত জ্ঞান, প্রযুক্তিগত দক্ষতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ অর্জন করতে হবে। একই সঙ্গে দেশের প্রচলিত আইন ও পুলিশি বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে।

তিনি আরও বলেন, জনগণের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে পুলিশ কর্মকর্তাদের পেশাগত দক্ষতার পাশাপাশি মানবিক মূল্যবোধসম্পন্ন হতে হবে। দায়িত্ব পালনে সততা, নিরপেক্ষতা ও নিষ্ঠাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে রাজশাহী রেঞ্জ কার্যালয়ের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *