পবায় মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে পুলিশ-জনতার ঐক্যবদ্ধ অঙ্গীকার 👨💼মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিনিধি রাজশাহী : রাজশাহী মহানগরীর পবা থানার বাগসারা গ্রামে মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে পুলিশ ও এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেছেন। আগামী ১৫ দিনের মধ্যে এলাকায় মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে দৃশ্যমান পরিবর্তন আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৫টায় বাগসারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গ্রামবাসীর উদ্যোগে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পবা থানা পুলিশ আয়োজিত এ সভায় স্থানীয় বাসিন্দারা সাম্প্রতিক সময়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মাদক ও অনলাইন জুয়া বিরোধী কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। সভায় এলাকাবাসী মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের চলমান কার্যক্রমকে স্বাগত জানিয়ে আরএমপির পুলিশ কমিশনার ও পবা থানার পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান। একই সঙ্গে নিজেদের এলাকায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার রোধে পুলিশকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। মতবিনিময় সভায় বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। মাদকের কারণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি অপরাধপ্রবণতা বাড়তে পারে। অন্যদিকে অনলাইন জুয়া মানুষকে আর্থিক ক্ষতির দিকে ঠেলে দেওয়ার পাশাপাশি পরিবার ও সামাজিক জীবনে অস্থিরতা সৃষ্টি করে। এসব অপরাধ প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। সভায় আগামী ১৫ দিনের মধ্যে বাগসারা গ্রামে মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে পুলিশ ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগে দৃশ্যমান অগ্রগতি আনার বিষয়ে ঐকমত্য হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদক ও জুয়ামুক্ত নিরাপদ সমাজ গঠনে আইন প্রয়োগের পাশাপাশি গণসচেতনতামূলক প্রচার ও জনসম্পৃক্ততামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে মাদক ও জুয়ার মতো সামাজিক সমস্যা পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। এজন্য পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। Post navigation গোদাগাড়ীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত;| তরুণদের খেলাধুলায় ফেরাতে অলিউল্লাহ রনির আহবান সম্পত্তি হস্তান্তর আইন সংশোধন করায়:• আইনমন্ত্রীর উদ্যোগকে সাধুবাদ জানালেন অ্যাডভোকেট মায়া আক্তার