কৃষকের স্বার্থে পুঠিয়ায় এসিল্যান্ড শিবু দাসের অভিযান, জরিমানা ১৫ হাজার টাকা মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিনিধি কৃষকদের স্বার্থ সুরক্ষা এবং সারের কৃত্রিম সংকট ও অবৈধ মজুতদারি ঠেকাতে রাজশাহীর পুঠিয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস। অভিযানে অবৈধভাবে সার মজুত করে বিক্রয়ের অপরাধে দুই ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার পুঠিয়া উপজেলার সাতবাড়িয়া ও ধোপাপাড়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় অবৈধভাবে মজুত করে রাখা ৮ বস্তা টিএসপি সার জব্দ করে সরকার নির্ধারিত মূল্যে সাধারণ কৃষকদের মধ্যে বিক্রি করা হয়। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ কীটনাশক জব্দ করে তা ধ্বংস করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা যায়, বাজারে সারের সরবরাহ ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কৃষকের কাছে নির্ধারিত মূল্যে সার পৌঁছে দিতে নিয়মিত নজরদারি করছে উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে সহকারী কমিশনার (ভূমি) শিবু দাসের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে সার মজুত ও বিক্রয়ের অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জব্দ করা সার কৃষকদের মধ্যে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করায় কৃষকরাও উপকৃত হন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ড, সারের কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত দামে বিক্রি কিংবা অবৈধ মজুতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কৃষকের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। স্থানীয় কৃষকেরা বলছেন, বাজারে সারের সরবরাহ ও মূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের এ ধরনের তৎপরতা অব্যাহত থাকলে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমবে এবং কৃষকেরা ন্যায্য মূল্যে প্রয়োজনীয় সার পাওয়ার সুযোগ পাবেন। Post navigation রাজশাহীতে ট্যাপেন্টাডলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পুঠিয়ায় ফসলি জমির মাটি কাটায় এসিল্যান্ড শিবু দাসের অভিযান, দুজনের কারাদণ্ড