নওগাঁ জেলা প্রতিনিধি : মাদক, বাল্যবিবাহ, সড়ক দুর্ঘটনা ও কিশোর-কিশোরীদের সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। মঙ্গলবার (১৬ জুন) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা. রাবেয়া খাতুন। সভায় প্রজেক্টর ও মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপনা করে পুলিশ সুপার শিক্ষার্থীদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি বলেন, বর্তমান সমাজে মাদকাসক্তি, বাল্যবিবাহ, সড়ক দুর্ঘটনা ও সাইবার অপরাধ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এসব সামাজিক সমস্যার প্রতিরোধে শিক্ষার্থীদের, বিশেষ করে নারী শিক্ষার্থীদের, সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মাদকাসক্তির ভয়াবহতা তুলে ধরে তিনি বলেন, মাদক একজন ব্যক্তির জীবন ধ্বংস করার পাশাপাশি পরিবার ও সমাজের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে সবাইকে সচেতন করার আহ্বান জানান তিনি। বাল্যবিবাহ প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, এটি একটি সামাজিক ব্যাধি এবং আইনত দণ্ডনীয় অপরাধ। বাল্যবিবাহের ফলে কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য ও স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হয়। এ ধরনের ঘটনা প্রতিরোধে পরিবার ও সমাজকে সচেতন করার পাশাপাশি শিক্ষার্থীদেরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক আইন মেনে চলা, রাস্তা পারাপারে সতর্কতা অবলম্বন এবং সচেতন নাগরিক হিসেবে দায়িত্বশীল আচরণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সামান্য অসচেতনতাই বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। সাইবার নিরাপত্তা বিষয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দেন। অপরিচিত ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত তথ্য বা ব্যক্তিগত ছবি শেয়ার না করা, অনলাইন প্রতারণা, সাইবার বুলিং এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সেবার মাধ্যমে সংঘটিত প্রতারণা সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান। একই সঙ্গে অনলাইনে কোনো ধরনের হয়রানি বা প্রতারণার শিকার হলে দ্রুত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়ার পরামর্শ দেন তিনি। প্রায় দেড় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা মাদক, বাল্যবিবাহ, সাইবার নিরাপত্তা ও আইনসংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করেন। পুলিশ সুপার তাদের প্রশ্নের উত্তর দেন এবং গুরুত্বপূর্ণ প্রশ্নকারী কয়েকজন শিক্ষার্থীকে পুরস্কৃত করেন। সভা শেষে শিক্ষার্থীরা সচেতন, দায়িত্বশীল ও আইন মেনে চলা নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে। প্রধান শিক্ষিকা মোসা. রাবেয়া খাতুন এ ধরনের সময়োপযোগী ও শিক্ষণীয় আয়োজনের জন্য জেলা পুলিশকে ধন্যবাদ জানান। তিনি শিক্ষার্থীদের পুলিশ সুপারের পরামর্শ ও নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানান। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। Post navigation পুলিশ সুপার তারিকুল ইসলামের উদ্যোগে নওগাঁ শহরে AI-সক্ষম সিসিটিভি নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ নওগাঁর পোরশায় ৩৫০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী আটক