দুর্গাপুরে জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন;|

 

থানা-স্বাস্থ্য কমপ্লেক্স-শিক্ষাপ্রতিষ্ঠান ও ভূমি অফিস পরিদর্শন, শিক্ষার্থীদের মাঝে ছাতা ও টিফিন বক্স বিতরণ

 

মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী :

রাজশাহীর দুর্গাপুর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছেন রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম। উপজেলার উন্নয়ন কার্যক্রম, প্রশাসনিক কর্মকাণ্ড এবং জনসেবার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবে বুধবার তিনি দিনব্যাপী এসব প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

দুপুর ১টার দিকে দুর্গাপুর উপজেলায় পৌঁছে জেলা প্রশাসক প্রথমে দুর্গাপুর থানা পরিদর্শন করেন। এ সময় তিনি থানার সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনসেবা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরে তিনি দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। সেখানে বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসাসেবা ও স্বাস্থ্যসেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। একই সঙ্গে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মতবিনিময় করে হাসপাতালের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত হন।

পরিদর্শনের অংশ হিসেবে জেলা প্রশাসক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় দুর্গাপুর পৌরসভার উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কয়েকটি ফলজ বৃক্ষের চারা রোপণ করেন তিনি।

এরপর জেলা প্রশাসক উপজেলার হাটকানপাড়া উচ্চ বিদ্যালয় ও কানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। শিক্ষাপ্রতিষ্ঠান দুটির শিক্ষা কার্যক্রম, অবকাঠামো, শিক্ষার্থীদের উপস্থিতি এবং সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজ নেন। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। পরে শিক্ষার্থীদের মাঝে ছাতা ও টিফিন বক্স বিতরণ করেন।

এ ছাড়া তিনি লক্ষণখলসী ইউনিয়ন ভূমি অফিস ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করেন। এসব দপ্তরের কার্যক্রম, জনসেবা প্রদান এবং প্রশাসনিক কর্মকাণ্ড সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক ও প্রশাসনিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে সরকারি সেবার মান আরও উন্নত করা, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং চলমান উন্নয়ন কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

জেলা প্রশাসকের এ পরিদর্শনকে উপজেলা প্রশাসনের চলমান কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক।Facebook : Journalist Moon Tanore দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *