রাজশাহী রেঞ্জে মাসিক অপরাধ পর্যালোচনা সভা;|

অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান ও অস্ত্র উদ্ধারে জোর ডিআইজির

মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

রাজশাহী রেঞ্জের জুলাই ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) সকাল ১১টায় রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পদ্মা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ। এতে রাজশাহী রেঞ্জের অধীন বিভিন্ন জেলা ও ইউনিটের প্রধানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা অংশ নেন।

সভায় রেঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জুলাই মাসের অপরাধ পরিস্থিতি, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত ও রহস্য উদ্ঘাটন, মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তারি পরোয়ানা তামিল এবং অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

সভায় ডিআইজি মো. আশিক সাঈদ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে পুলিশ কর্মকর্তাদের আরও দায়িত্বশীল, তৎপর ও সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন। অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি মাদকবিরোধী অভিযান জোরদার, সাইবার অপরাধ দমনে প্রয়োজনীয় ব্যবস্থা, গ্রেপ্তারি পরোয়ানা দ্রুত তামিল, অবৈধ অস্ত্র উদ্ধার এবং গুরুত্বপূর্ণ মামলার দ্রুত ও সুষ্ঠু তদন্তের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় জুন ও জুলাই ২০২৬ মাসে বিশেষ কার্যক্রমের মাধ্যমে মামলা রহস্য উদ্ঘাটন, মাদকদ্রব্য ও অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং গ্রেপ্তারি পরোয়ানা তামিলসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারী পুলিশ কর্মকর্তা ও সদস্যদের পুরস্কৃত করা হয়।

সভায় কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি), আরআরএফ, রাজশাহী; অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহী রেঞ্জ; অ্যাডিশনাল ডিআইজি (অ্যান্টি টেররিজম ইউনিট), রাজশাহী বিভাগ; রেঞ্জাধীন বিভিন্ন জেলার পুলিশ সুপার এবং রেঞ্জ কার্যালয়সহ বিভিন্ন জেলা ও ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *