রাজশাহী বোর্ডে পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল

মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী :

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এসব প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৪১ জন শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছে।

সোমবার (১০ আগস্ট) এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর রাজশাহী শিক্ষা বোর্ডের ফলাফলের পরিসংখ্যান বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।

রাজশাহী শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, শতভাগ অকৃতকার্য হওয়া পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে রাজশাহী জেলার তিনটি, নওগাঁর একটি এবং জয়পুরহাট জেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পাকড়ি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ছয়জন শিক্ষার্থী। তাদের কেউই উত্তীর্ণ হতে পারেনি। বাঘা উপজেলার বানিয়াপাড়া উচ্চ বিদ্যালয় থেকেও ছয়জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়েছে।

এ ছাড়া মোহনপুর উপজেলার আমরাইল উচ্চ বিদ্যালয় থেকে সবচেয়ে বেশি ১৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও একজনও পাস করতে পারেনি।

অন্যদিকে, নওগাঁর নিয়ামতপুর উপজেলার পাইলানপুর উচ্চ বিদ্যালয় থেকে নয়জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই ফেল করেছে। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শিরট্টি ইউনাইটেড উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয় চারজন। তারাও কেউ উত্তীর্ণ হতে পারেনি।

রাজশাহী শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বোর্ডের অধীন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়নি। ফলে চলতি বছরের ফলাফলে পাঁচটি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস না করায় বিষয়টি নিয়ে অভিভাবক ও সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

শিক্ষাবিদদের মতে, একটি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস না করার পেছনে একক কোনো কারণকে দায়ী করা যায় না। শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, পড়াশোনার প্রতি আগ্রহ, শিক্ষকদের পাঠদান পদ্ধতি, শিক্ষক-শিক্ষার্থী অনুপাত, শ্রেণিকক্ষের পরিবেশ এবং প্রতিষ্ঠান পরিচালনায় তদারকিসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা প্রয়োজন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শরিফুল ইসলাম বলেন, একটি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস না করা অত্যন্ত উদ্বেগজনক। এর পেছনে শিক্ষার্থী, শিক্ষক ও প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা—সবগুলো দিক বিবেচনায় নিয়ে কারণ অনুসন্ধান করা প্রয়োজন।

রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফরাত জেরিন বলেন, বিষয়টি নিয়ে শিক্ষাবোর্ডের পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হবে। একসময় এমন দুটি প্রতিষ্ঠান ছিল। পরে আবার কোনো প্রতিষ্ঠান শতভাগ অকৃতকার্য হয়নি। চলতি বছর পাঁচটি প্রতিষ্ঠানে এমন ফলাফল হয়েছে।

এদিকে, রাজশাহী শিক্ষা বোর্ডের সামগ্রিক ফলাফলেও চলতি বছর বড় ধরনের অবনতি হয়েছে। ২০২৫ সালে এ বোর্ডে এসএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৭৭ দশমিক ৬৬ শতাংশ। এক বছরের ব্যবধানে পাসের হার প্রায় ১৪ শতাংশীয় পয়েন্ট কমেছে।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *