লালপুর থানা পুলিশের চেকপোষ্টে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩ মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: নাটোরের লালপুরে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, গাঁজা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার এক দম্পতি এবং লালপুরের এক ব্যক্তি রয়েছেন। গ্রেপ্তাররা হলেন—গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ইসবপুর গ্রামের মো. আব্দুল লতিফের ছেলে মো. আহসান হাবীব (৪৫), একই উপজেলার উত্তর ফরিদপুর গ্রামের মো. আনসার আলীর মেয়ে মোছা. আরফিনা বেগম (৩৪) এবং নাটোরের লালপুর উপজেলার মনিহারপুর গ্রামের মো. জুলমত শেখের ছেলে মো. রাজিব শেখ (৩৫)। লালপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে লালপুর উপজেলার গোপালপুর বেলগেট এলাকায় হযরত শাহ সুফী বোরহান উদ্দিন বাগদাদী (রহ.) ওরফে বুড়া পীর সাহেবের মাজার জামে মসজিদ ও দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার সামনে পুলিশের একটি চেকপোস্ট বসানো হয়। এ সময় বনপাড়া থেকে আসা একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে মোটরসাইকেলের চালক আহসান হাবীব ও পেছনের আসনে থাকা আরফিনা বেগমের মাঝখানে থাকা একটি নেভি ব্লু রঙের জিন্সের ব্যাগ থেকে পলিথিন ও স্বচ্ছ টেপে মোড়ানো পাঁচটি প্যাকেটে থাকা শুকনা গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার ওজন ২ কেজি ৫০০ গ্রাম বলে জানিয়েছে পুলিশ। পুলিশ আরও জানায়, এ সময় তাদের কাছ থেকে গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি Discover 100cc মোটরসাইকেল, গাঁজা বিক্রির যোগাযোগে ব্যবহৃত বিভিন্ন ব্র্যান্ডের তিনটি মোবাইল ফোন এবং একটি ব্যাগ জব্দ করা হয়। পরে গ্রেপ্তার আহসান হাবীব ও আরফিনা বেগমকে জিজ্ঞাসাবাদে রাজিব শেখের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায় বলে পুলিশের দাবি। এরপর লালপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার মনিহারপুর গ্রামের তার শ্বশুর মো. মহিবুল ইসলাম ওরফে উঠানের বাড়ি থেকে রাজিব শেখকে গ্রেপ্তার করে। এ ঘটনায় লালপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আল মাসুম বাদী হয়ে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৩৮/৪১ ধারায় মামলা করেছেন। লালপুর থানার মামলা নম্বর-৬, তারিখ ৮ আগস্ট ২০২৬। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার তিনজনকে শনিবার (৮ আগস্ট) আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার আহসান হাবীবের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, দণ্ডবিধির ডাকাতি ও অস্ত্র আইনের ধারায় বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া গ্রেপ্তার রাজিব শেখের বিরুদ্ধেও কুড়িগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। লালপুর থানা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। Post navigation লালপুরে ডাচ-বাংলা ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে ছিনতাই, দুই ছিনতাইকারী গ্রেপ্তার; উদ্ধার ১ লাখ ৭০ হাজার টাকা র্যাব-৫ এর অভিযানে সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার