**ইসলামী জীবন **

ছোট্ট এক আমলে ১০০ গোনাহ মাফের সুসংবাদ

দেশবার্তা বিডি২৪. কম,ধর্ম ডেস্ক:

ইসলামে নেক আমলের গুরুত্ব অপরিসীম। পবিত্র কোরআন ও হাদিসে এমন অনেক আমলের কথা বর্ণিত হয়েছে, যা অল্প সময়ে বেশি সওয়াব অর্জন এবং আল্লাহর ক্ষমা লাভের সুযোগ এনে দেয়। তেমনই একটি গুরুত্বপূর্ণ জিকিরের ফজিলত সম্পর্কে হাদিসে সুসংবাদ দিয়েছেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)।

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, যে ব্যক্তি দিনে ১০০ বার—

“লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু, ওয়া হুয়া আলা কুল্লি শাইয়্যিন কাদির”

পাঠ করবে, সে ১০ জন দাস মুক্ত করার সমপরিমাণ সওয়াব লাভ করবে। তার আমলনামায় ১০০টি নেকি লেখা হবে, ১০০টি গোনাহ মাফ করে দেওয়া হবে এবং সেদিন সন্ধ্যা পর্যন্ত সে শয়তানের কুমন্ত্রণা থেকে নিরাপদ থাকবে। ওই দিন তার চেয়ে উত্তম আমলকারী আর কেউ হবে না, তবে কেউ এর চেয়ে বেশি আমল করলে তা ভিন্ন বিষয়। (সহিহ বোখারি, হাদিস: ৩২৯৩)

উচ্চারণ:
লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা-শারিকা লাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু, ওয়া হুয়া আলা কুল্লি শাইয়্যিন কাদির।

অর্থ:
আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তিনি একক, তাঁর কোনো শরিক নেই। রাজত্ব তাঁরই, সকল প্রশংসাও তাঁরই। তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান।

এ ছাড়া সহিহ মুসলিমের অপর এক হাদিসে এসেছে, যে ব্যক্তি দিনে ১০০ বার “সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি” পাঠ করবে, আল্লাহ তার গোনাহসমূহ ক্ষমা করে দেবেন, যদিও তা সমুদ্রের ফেনার সমান হয়। (সহিহ মুসলিম, হাদিস: ৬৫৯৮)

ইসলামী চিন্তাবিদরা বলেন, নিয়মিত এসব জিকির ও দোয়া পাঠ মানুষের ঈমানকে দৃঢ় করে, আল্লাহর স্মরণে অন্তরকে প্রশান্ত রাখে এবং নেক আমলের প্রতি আগ্রহ বাড়ায়।

 

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *