মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিনিধি :

রাজশাহীর তানোরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) উদ্যোগে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র উদ্বোধন এবং কমিউনিটি পুলিশিং সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

পরিবেশ সংরক্ষণ ও সামাজিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে আয়োজিত এ দুই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন রাজশাহীর পুলিশ সুপার ও বিএমডিএ পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ নাঈমুল হাছান।

সোমবার (১৫ জুন) উপজেলার ধামধুম-ভূষণা মাদার খাল এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। কর্মসূচিটি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) তানোর জোনের উদ্যোগে বাস্তবায়িত হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমডিএ রাজশাহী রিজিয়নের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান। স্বাগত বক্তব্য প্রদান করেন বিএমডিএ তানোর জোনের সহকারী প্রকৌশলী মো. নাঈমুল হাসান।

বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষা, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং পুলিশ-জনগণের সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে ‘কমিউনিটি পুলিশিং সভা-২০২৬’ অনুষ্ঠিত হয়। দুটি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাইমা খান।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান বলেন, “পরিবেশের বিপর্যয় রোধে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একই সঙ্গে সমাজের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে কাজ করে যাচ্ছে পুলিশ। অপরাধমুক্ত সমাজ গঠনে জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।”

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাইমা খান বিএমডিএ’র সবুজায়ন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, পরিবেশ রক্ষার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে তানোরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় হবে।

অনুষ্ঠানে সার্কেল এসপি আব্দুস সালাম, তানোর থানার অফিসার ইনচার্জ এস এম মাসুদ পারভেজসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, পুলিশ বিভাগের সদস্য, বিএমডিএ’র কর্মকর্তা-কর্মচারী, কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পরিবেশ সংরক্ষণ ও অপরাধ প্রতিরোধ—দুই ক্ষেত্রেই জনসম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃক্ষরোপণ ও কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।

 

👉[নিয়মিত নতুন নতুন খবরের আপডেট পেতে দেশবার্তা বিডি ২৪. কম এর সাথেই থাকুন।]

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *